বিমা একাডেমি পুনর্গঠনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা খাতের জন্য দেশের একমাত্র প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির (বিআইএ) অবস্থা খুবই শোচনীয়। দেশের বিমা খাতের স্বার্থেই এই একাডেমির পুনর্গঠন হওয়াটা জরুরি বলে মনে করছেন বিমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।শুরুর দিকে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে গঠিত হলেও বর্তমানে সেই অবস্থায় নেই। প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তির পর্যাপ্ত সুবিধা নেই সংস্থাটিতে। অগ্রসরমাণ বিমা খাতের জন্য প্রশিক্ষণ দিতে বিআইএ একেবারেই অসমর্থ। আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিমার উন্নয়নে এই বিআইএ কোনো কাজই করতে পারছে না।এই বাস্তবতায় অবিলম্বে বিদ্যমান পরিচালনা পর্ষদের কাঠামো ভেঙে দিয়ে বিআইএকে আরও শক্তিশালী করার জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠনের দরকার বলে মনে করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কাঠামো ও আইনগত মর্যাদার দিক থেকে বিআইএ যেন অন্তত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মতো হয়, সে সুপারিশও করা হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বিআইএর ওপর তৈরি করা একটি প্রতিবেদন পাঠিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ। তাতে এসব সুপারিশ ও পরামর্শ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের সঙ্গে অর্থমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান। প্রতিবেদনে বলা হয়েছে, বিমার ওপর প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক ডিগ্রি দেওয়ার জন্য ১৯৭৩ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিআইএ গঠিত হয়। তখন দেশের বিমা খাত রাষ্ট্রীয় খাতের সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ও জীবন বীমা করপোরেশনের (জেবিসি) মধ্যে সীমিত ছিল। এরই মধ্যে সরকারি-বেসরকারি ও বিদেশি মিলিয়ে ৬২টি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে দেশে। কিন্তু বিআইএ রয়েছে ঠিক সত্তরের দশকের মতোই।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি পর্ষদের মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ বিমা একাডেমি। সদস্যদের বেশির ভাগই শীর্ষ সরকারি কর্মকর্তা। কার্যাবলি পর্যালোচনার জন্য বছরে দুবার এ পর্ষদ বৈঠক করে।বর্তমানে বিমা একাডেমির জনবল কাঠামো হলো: একজন পরিচালক, ছয়জন ফ্যাকাল্টি সদস্য, ছয়জন কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। এর মধ্যে ছয় ফ্যাকাল্টি সদস্যের মধ্যে আছেন মাত্র একজন, পাঁচটি পদ শূন্য। ছয় কর্মকর্তার মধ্যে আছেন তিনজন, বাকি তিনটি পদ শূন্য। জানা গেছে, কর্মকর্তাদের দিয়েই ফ্যাকাল্টি সদস্যের কাজ চালানো হচ্ছে।যিনি বিআইএর মুখ্য ব্যক্তি, তাঁর পদের থাকার কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই। বর্তমান পরিচালকের নাম ফকির কামালউদ্দিন, যিনি যুগ্ম সচিব পদমর্যাদার। প্রতিবেদনে সুপারিশ আকারে বলা হয়েছে, বিআইএ হবে অনেকটা বিআইবিএমের মতো এবং প্রধান ব্যক্তির পদ হবে মহাপরিচালক। এতে প্রথম গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত কমপক্ষে ১৬ জনের ফ্যাকাল্টি সদস্য থাকা দরকার। এর মধ্যে এক-তৃতীয়াংশ বাইরের লোকও থাকতে পারেন। এ ছাড়া কর্মকর্তা ১২ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকতে পারেন ৩০ জন।প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটিতে ছয়টি ডেস্কটপ কম্পিউটার আছে, যেগুলো ব্যবহূত হয় মূলত প্রশাসনিক কাজে। এ ছাড়া তিনটি কম্পিউটার প্রশিক্ষণে ব্যবহূত হয়।বিমা খাতের মানোন্নয়ন, ডিপ্লোমা ডিগ্রি দেওয়া, গবেষণা করা, বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে যৌথ আয়োজন, বিদেশের সঙ্গে মতবিনিময় ইত্যাদি বিআইএর কার্যাবলির মধ্যে রয়েছে।এসব কথা তুলে ধরে আইডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান কাঠামোর মধ্যে থেকে বিআইএর পক্ষে এসব কার্যাবলি সম্পন্ন করা প্রায় অসম্ভব ও অবাস্তব।প্রতিবেদনে বলা হয়েছে, বিমা খাত নিয়ে ভালো কিছু করতে হলে সবার আগে বিআইএর পরিচালন স্বাধীনতা দরকার। পুনর্গঠিত বিআইএর পর্ষদের প্রধান হতে পারেন আইডিআরএর চেয়ারম্যান। এসবিসি ও জেবিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বেসরকারি জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানি থেকে দুজন করে চারজন এমডি, বিমা বিষয়ে জ্ঞানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, একজন অ্যাকচ্যুয়ারি প্রমুখ ব্যক্তিদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্ষদ গঠিত হতে পারে।অর্থায়ন বিষয়ে বলা হয়, বিআইবিএমকে যেমন বাংলাদেশ ব্যাংক ৪০ শতাংশ তহবিল দিয়ে সহায়তা করে, বিআইএর জন্য আইডিআরএও তা-ই করবে।প্রতিবেদনের মূল বিষয়গুলো ইতিমধ্যে অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে বিমা একাডেমি বিষয়ে গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বিমা আইন, ২০১০ ও এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছিলেন, দেশের বিমা খাত অবহেলিত। আর প্রশিক্ষণের অভাবই এর জন্য দায়ী। অর্থমন্ত্রী আরও বলেন, ‘প্রশিক্ষণ দেওয়ার জন্য যে বিমা একাডেমি আছে, এরা একেবারেই অপদার্থ। কিছুই করে না।’যোগাযোগ করলে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘আগামী দিন বিমা খাতের। অবারিত সুযোগ সামনে। আর ব্যবসা-বাণিজ্য এখন বৈশ্বিক। বহির্বিশ্বের সঙ্গে তাল না মিলিয়ে চলা অসম্ভব। তাহলে পিছিয়ে পড়তে হবে। এসব কারণেই গবেষণা ও প্রশিক্ষণের বিকল্প নেই।’শেফাক আহমেদ মনে করেন, একটি সক্ষম ও শক্তিশালী বিমা একাডেমিই পারে দেশের বর্তমান ও ভবিষ্যৎ বিমা খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিতে।