বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়কর হার কমানোর প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরে জাতীয় বাজেটে প্রাতিষ্ঠানিক করহার বিদ্যমান সাড়ে ৪২ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বিমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের প্রস্তাবে এ সুপারিশ করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। গতকাল সকালে দুই দফায় কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করে এনবিআর। প্রথম দফায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প এবং দ্বিতীয় দফায় সিঅ্যান্ডএফ, শিপিং, ফ্রেইট ফরোয়ার্ডিং, কর আইনজীবী ও ইন্ডেন্টর্স সমিতির প্রতিনিধিরা বাজেট প্রস্তাব দেন। বিমা কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়, বিমাকে ব্যাংকিং প্রতিষ্ঠানের মতো বিবেচনা করে সাড়ে ৪২ শতাংশ হারে প্রাতিষ্ঠানিক করহার আদায় করা যুক্তিসংগত নয়। প্রতিবেশী দেশ ভারতে এই হার ৩৫ শতাংশ এবং সারচার্জ আড়াই শতাংশ। তাঁরা বিমা কোম্পানিগুলোর (জীবন বিমা কোম্পানি ছাড়া) করহার অন্যন্য তালিকাভুক্ত কোম্পানির হারে আরোপের দাবি জানান।একইভাবে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) পক্ষ থেকেও প্রাতিষ্ঠানিক করহার বিদ্যমান সাড়ে ৪২ শতাংশ থেমে কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়।এ ছাড়া জীবন বিমা কোম্পানির আয়কর হার ১৫ শতাংশ করা, ব্যক্তিশ্রেণীর করদাতার মতো এক লাখ ৮০ হাজারের নিচের অঙ্কের অর্থের বিমা কমিশনের ওপর উৎসে কর আরোপ না করা, স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত শেয়ার লেনদেন থেকে মূলধনি মুনাফা কর বিদ্যমান ১০ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লেনদেন থেকে আয়ের ওপর বিদ্যমান পাঁচ থেকে কমিয়ে তিন শতাংশে করার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া গতকালের আলোচনায় আরও অংশ নেন চশমাশিল্প ও বণিক সমিতি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, কালি প্রস্তুতকারক সমিতি, পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা। পাইকারি গরম মসলা সমিতির প্রতিনিধি এনায়েত উল্লাহ মসলার আমদানি-শুল্ক কমানোর দাবি জানান। আলোচনায় অংশ নিয়ে পাদুকা প্রস্তুতকারক শিল্প সমিতির নেতারা বিদ্যমান মূসক অব্যাহতি ৮০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য নাসির উদ্দিন, ফরিদ উদ্দিন, সৈয়দ আমিনুল করিম ও প্রথম সচিব প্রধান বাজেট সমন্বয়কারী আবদুর রউফ।