বিমা কোম্পানিতেও টাকা রাখা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বাড়তি লাভ বা নিরাপত্তার জন্য জমানো টাকা স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে ব্যাংকে রাখবেন? রাখতেই পারেন। বিশ্বজুড়েই মানুষ তা রাখে। কিন্তু জীবনবিমা কোম্পানিতেও এ রকম টাকা রাখা যায়, যা অনেকটা এফডিআরের মতো।
যেহেতু বিমা কোম্পানি, তাই একে এফডিআর বলা যায় না। বিমা কোম্পানিগুলো এর নাম দিয়েছে একক (সিঙ্গেল) প্রিমিয়াম পলিসি। এককালীন এক লাখ থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ টাকা এই পলিসিতে রাখা যায়। পলিসির মেয়াদ শেষে ব্যাংকের মতোই এককালীন টাকা পাওয়া যায়।
এফডিআরের সুদের হার কম হওয়ায় ব্যাংকে বর্তমানে টাকা দ্বিগুণ হতে সাত-আট বছর সময় লাগে। বিমা কোম্পানিগুলোতে সময় লাগে প্রায় একই রকম। তবে ব্যাংকের এফডিআরের সঙ্গে একক প্রিমিয়াম পলিসির পার্থক্য রয়েছে। এফডিআর থেকে মাসিক সুদ যেমন নেওয়া যায়, আবার মেয়াদ শেষেও সুদসহ পুরো টাকা নেওয়া যায়। এফডিআরের বিপরীতে ঋণও নেওয়া যায় ব্যাংক থেকে।
আর, একক প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে মুনাফাসহ টাকা তো বটেই, পলিসি সুবিধাও পাওয়া যায়। তিন বছর পর অনেক বিমা কোম্পানি বোনাসও দেয় গ্রাহককে।
যোগাযোগ করলে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কেউ যদি হঠাৎ মারা যান, মেয়াদ শেষ হওয়ার পর তিনি যে পরিমাণ টাকা পেতেন, তাঁর মনোনীত ব্যক্তি (নমিনি) তখন সে পরিমাণ টাকা পাবেন।’
একক প্রিমিয়াম পলিসিকে অবশ্য একেক জীবনবিমা কোম্পানি একেক নাম দিয়েছে। কেউ বলছে টার্ম পলিসি, যেগুলো ৫ থেকে ১০ বছর মেয়াদি। আবার কারও রয়েছে দীর্ঘমেয়াদি (লং টার্ম) পলিসি। এগুলো ১০ থেকে ১৫, এমনকি ২০ বছর মেয়াদিও রয়েছে।
বিমা খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশের সব এমএলএম কোম্পানি এখন বন্ধ। অনেক সমবায় সমিতির বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আবার কোনো সমবায় সমিতি কেমন, তা যাচাইয়েরও সুযোগ থাকে না অনেক সময়। মানুষের থেকে টাকা নিয়ে হঠাৎ হঠাৎ সমিতির লোকেরা উধাও হয়ে যাচ্ছেন।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, সব এমএলএম কোম্পানি ও কিছু সমবায় সমিতির কার্যকলাপ এবং ব্যাংকের এফডিআরের কম সুদের কারণে ‘সময়’ এখন জীবনবিমা কোম্পানিগুলোর। এ জন্য বিমা কোম্পানিগুলোকে ব্র্যান্ডিং ও বিপণনে মনোযোগী হওয়ার পরামর্শ তাঁর।
একসময় দেশের বিমা খাতের তেমন কোনো নিয়ন্ত্রক সংস্থা ছিল না। ২০১০ সালের আগে বিমা খাত দেখভালের জন্য ছিল বিমা অধিদপ্তর, যা পরিচালিত হতো মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিবদের মাধ্যমে। এ কারণে বিমা খাত অনেকটাই বিশৃঙ্খল ছিল। ২০১০ সালে আইন করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ) গঠন করা হয়।
জানতে চাইলে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, কোনো কোম্পানি মেয়াদান্তে গ্রাহকের টাকা পরিশোধে টালবাহানা করলে বা ইচ্ছাকৃত দেরি করলে অথবা অন্য যেকোনো ধরনের জটিলতা তৈরি করলে আইডিআরএ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।