বিমা কোম্পানিগুলোকে মানসম্মত ওয়েবসাইট তৈরি করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সাধারণ বিমা কোম্পানিকে (নন-লাইফ) মানসম্মত ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইট দেশে তৈরি করা না গেলে বিদেশ থেকেও সংগ্রহ করা যাবে।এ ছাড়া উচ্চমানসম্পন্ন একই ধরনের সফটওয়্যার এবং একই ধরনের জনবল কাঠামো তৈরি করতে হবে সাধারণ বিমা কোম্পানিগুলোকে।বিমা-শিল্পের সার্বিক উন্নয়নের স্বার্থে বিষয়টি বাস্তবায়নের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) রিলায়েন্স ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।এসব বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ২১ ধারার ক্ষমতাবলে ইডরা গতকাল বুধবার এই কমিটি গঠন করেছে বলে জানিয়েছে।আজ বৃহস্পতিবার কমিটির সদস্যদের সঙ্গে উল্লিখিত তিনটি বিষয়ে ইডরার চেয়ারম্যান ও সদস্যদের এক বৈঠক হওয়ারও কথা রয়েছে।কমিটিকে আগামী ১৯ এপ্রিলের মধ্যে ওয়েবসাইট, ১৫ মের মধ্যে প্রধান কার্যালয়ের জনবল-কাঠামো এবং ৩১ মের মধ্যে সফটওয়্যারের বিষয়ে ইডরার কাছে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। এ ছাড়া কমিটি দরকার মনে করলে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।দেশের বিমা কোম্পানিগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইডরা সমপ্রতি বেশি কিছু পদক্ষেপ নিয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। মানসম্মত ওয়েবসাইট গঠন ও উন্নততর সফটওয়্যার স্থাপনের নির্দেশনা এরই অংশ।এর আগে জানুয়ারি মাসে জীবনবিমা কোম্পানিগুলোকে নিজেদের জন্য অভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বর্তমানের ওয়েবসাইটগুলোতে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায় না বলে নিয়ন্ত্রক সংস্থাটি এ তাগিদ দেয়।