দেশে প্রথমবারের মতো বিমা কোম্পানিগুলোর মান নির্ণয়ের জন্য ‘ক্যারামেল রেটিং’ পদ্ধতি চালু করা হচ্ছে। ব্যাংক কোম্পানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বর্তমানে যে ‘ক্যামেলস রেটিং’ পদ্ধতি চালু রয়েছে, সেই আদলেই করা হবে এই রেটিং বা মান নির্ধারণ। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ক্যারামেল রেটিং পদ্ধতির একটি খসড়া তৈরি করে এরই মধ্যে মতামতের জন্য সাধারণ বিমা ও জীবন বিমা কোম্পানিগুলোতে পাঠিয়েছে।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিমা খাতে অনসাইট সুপারভিশন চালু থাকলেও অফসাইট সুপারিভশন একেবারেই নেই। আর সে কারণেই চালু করা হচ্ছে ক্যারামেল রেটিং পদ্ধতি।’ দেশে স্বাস্থ্যকর একটি বিমা খাত গড়ে তোলায় নতুন এই পদ্ধতি ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। ক্যামেলস হলো মূলধন পর্যাপ্ততা, সম্পদের গুণমান, ব্যবস্থাপনা, আয়, তারল্য ও বাজার-ঝুঁকির সংবেদনশীলতা নিয়ে গঠিত একটি মানসূচক। আর ক্যারামেল হলো: মূলধন পর্যাপ্ততা (ক্যাপিটেল এডিকোয়েসি), সম্পদের গুণমান (অ্যাসেট কোয়ালিটি), পুনর্বিমা (রি-ইন্স্যুরেন্স), অ্যাকচুয়ারিয়্যাল বিষয় (অ্যাকচুয়ারিয়ালস ইস্যুজ), ব্যবস্থাপনা দক্ষতা (ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি), আয় ও মুনাফা-সক্ষমতা (আর্নিংস অ্যান্ড প্রফিটেবিলিটি) ও তারল্য (লিক্যুইডিটি)। বিমা কোম্পানিগুলোর অবস্থা নিয়ে খুব ভালো, ভালো, চলনসই, প্রান্তিক, খারাপ, খুবই খারাপ—এই ছয়টি মানে ভাগ করা হবে। খুব ভালোর জন্য ১, ভালোর জন্য ২, চলনসইয়ের জন্য ৩, প্রান্তিকের জন্য ৪, খারাপের জন্য ৫ ও খুব খারাপের জন্য ৬ মান থাকবে।এ ছাড়া কোম্পানি সুশাসন, ব্যবসা পরিচালনা পদ্ধতি, বিধিবদ্ধ সংস্থার প্রতি দায়বদ্ধতা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-বিমা কোম্পানিগুলোর এই চারটি বিষয় নিয়ে গুণগত বিশ্লেষণ করবে আইডিআরএ।কোম্পানির তৈরি করা সব প্রতিবেদন অফসাইট সুপারভিশনের আওতায় সাধারণত পরীক্ষা করে দেখে এ বিষয়ে গঠিত তদন্ত দল। সন্দেহজনক কিছু থাকলে তা অনসাইট তদন্ত দলের কাছে পাঠানো হয়। অনসাইট সুপারভিশনের মাধ্যমে তখন সংশ্লিষ্ট কোম্পানির হিসাব-বই পরীক্ষা করে দেখা হয়। অনিয়ম গুরুতর হলে এর পর ওই কোম্পানির ওপর করা হয় বিশেষ তদন্ত। ক্যারামেল রেটিং পদ্ধতির খসড়ায় এসব কথা উল্লেখ করা হয়েছে। শেফাক আহমেদ বলেন, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুযায়ী আর্থিক খাতে অনসাইট সুপারভিশন ও অফসাইট সুপারভিশন—এই দুই ধরনের তদারকিই করা হয়ে থাকে। ক্যারামেল পদ্ধতি চালুর মাধ্যমে বিমা খাতের সার্বিক তদারকি ব্যবস্থা জোরদার করা হবে। আইডিআরএ চেয়ারম্যান জানান, ‘এ জন্য সংখ্যাগত ও গুণগতম—এ দুই ধরনের বিশ্লেষণ করা হবে, যাতে কোনো কোম্পানিতে ফাঁকফোকরগুলো থেকে থাকলে, ধরা পড়তে বাধ্য।’এদিকে আইডিআরএর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। যোগাযোগ করলে প্রথম আলোকে তিনি বলেন, এ বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল না হলেও তিনি আশা করছেন আইডিআরএ নিশ্চয়ই শুভ কোনো উদ্দেশ্য থেকে এটি করতে যাচ্ছে। শেখ কবির হোসেন আরও বলেন, ক্যারামেল রেটিং পদ্ধতি চালু হলে বিমা কোম্পানিগুলোই লাভবান হবে। কারণ, ভালো রেটিং পেতে তথা কোম্পানির ভালো ভাবমূর্তি গড়ে তুলতে বিমা কোম্পানিগুলোর মধ্যে তখন একধরনের সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে—যা দেশের বিমা খাতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।