বিমা কোম্পানিতেও মানি লন্ডারিং রোধে সক্রিয়তার নির্দেশ
ব্যাংকের মতো বিমা কোম্পানিতেও মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা পালনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বিমা কোম্পানিগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে এই নির্দেশনা দেওয়া হয়। গত শনিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তত্ত্বাবধানে দিনব্যাপী এই সম্মেলন হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বিএফআইইউর উপ-প্রধান ম. মাহফুজুর রহমান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য নবগোপাল বণিক এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আহসানুল ইসলাম টিটু। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এবং বিএফআইইউর পরিচালন প্রধান দেবপ্রসাদ দেবনাথ।