বিমা কোম্পানির অর্থে ৪০ লাখ টাকার বেশি দামের গাড়ি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিসি গ্রাহকদের অর্থে বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন বিমা কোম্পানির মালিকেরা। বিমা কোম্পানির যানবাহন খাতে উচ্চমাত্রার এ ব্যয়ে শুধু পলিসি গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে না, এতে ক্ষতির শিকার হচ্ছেন কোম্পানির শেয়ারধারীরা।বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি বলেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এমডি যে গাড়ি ব্যবহার করবেন, তা এখন থেকে ৪০ লাখ টাকার বেশি মূল্যের হতে পারবে না। অর্থাৎ সর্বোচ্চ ৪০ লাখ টাকা মূল্যের গাড়ি কেনার জন্য কোম্পানি টাকা দেবে। এর বেশি মূল্যের গাড়ি কিনতে হলে কোম্পানি কোনো টাকা দিতে পারবে না।। সংস্থাটি গত মঙ্গলবার এ ব্যাপারে দেশের সব বিমা কোম্পানির উদ্দেশে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বিমা কোম্পানিগুলোকে গাড়ি কেনা ও ব্যবহারে মিতব্যয়ী হওয়ার কথা বলা হয়েছে। আইডিআরএ বলেছে, ‘ইদানীং বিমা কোম্পানিগুলো কর্তৃক যানবাহন ক্রয় ও ব্যবহারের ক্ষেত্রে পরিমিতি বোধের অভাব লক্ষ্য করা যাচ্ছে।’ সংস্থাটি ব্যাখ্যা করে বলেছে, বিমা শিল্প তথা বৃহত্তর স্বার্থে বিমা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানির জন্য গাড়ি কেনার ক্ষেত্রে সে কারণেই কিছু নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনায় আরও বলা হয়েছে, চেয়ারম্যান ছাড়া অন্য কোনো পর্ষদ সদস্য গাড়ি সুবিধা ভোগ করতে পারবেন না। চেয়ারম্যান ও এমডির জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব ধরনের যানবাহন পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।এ ছাড়া পুলে চারটির বেশি গাড়ি রাখা যাবে না। আর পুলের জন্য যেসব গাড়ি কেনা হবে, সেগুলোর মূল্যমান ২৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আইডিআরএ বলেছে, কোম্পানির জন্য গাড়ি কেনায় কোনো সমস্যা নেই। তবে কোম্পানির জনবল, অফিস ও শাখা সম্প্রসারণের সঙ্গে তা সংগতিপূর্ণ হতে হবে। কোম্পানিতে মোট কতটি গাড়ি রয়েছে এবং সেগুলোর জন্য প্রতি মাসে কী পরিমাণ টাকা খরচ করতে হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তিন মাস পর পর তা উপস্থাপন করতে হবে। আর পর্যালোচনার জন্য এসব তথ্য কোম্পানির প্রত্যেক বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।