বিমা কোম্পানির করের হার কমানোর দাবি বিআইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মতো বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে একই হারে কর নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আজ সোমবার বিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন।লিখিত বক্তব্যে কবির হোসেন বলেন, ফাইন্যান্স অ্যাক্ট ২০০২-এ ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাভের ওপর করের হার ছিল ৪০ শতাংশ। পরে ফাইন্যান্স অ্যাক্ট ২০০৩-এর মাধ্যমে এটা পরিবর্তন করে ৪২ দশমিক ৫ শতাংশ করা হয়। তিনি বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির আয়করের হার ধীরে ধীরে কমলেও বিমার করের হার বাড়ানো হয়েছে।এ সময় তিনি বিমা কোম্পানিগুলোর করের হার অন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর মতো একই ধরনের করার প্রস্তাব দেন। একই সঙ্গে বিমাকে ব্যাংকের মতো এক পাল্লায় না মাপারও অনুরোধ করেন।কবির হোসেন বলেন, ২০১০-১১ অর্থবছর থেকে যেকোনো অঙ্কের বিমা কমিশন প্রদান থেকে উত্স কর পাঁচ শতাংশ কাটার বিধান করা হয়। এই বিধানের ফলে এক টাকা থেকে ঊর্ধ্বে যেকোনো কমিশনের ওপর পাঁচ শতাংশ হারে উত্স কর আরোপিত হবে। এ বিধানের ফলে ইনস্যুরেন্স এজেন্টরা এবং বাংলাদেশের বিমা শিল্প ক্ষতিগ্রস্ত হবে ও বিমা ব্যবসা প্রসার বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক ব্যক্তির অর্জিত বার্ষিক আয় এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রয়েছে। তাই বিমা অ্যাসোসিয়েশন প্রত্যেক বিমা এজেন্টদের কর কর্তনের সীমা ব্যক্তির মতো করার দাবি করেছে।কবির হোসেন আরও জানান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের পর ‘বিমা আইন ২০১০’ কার্যকর করার জন্য অনেক বিধি ও প্রবিধান তৈরি করা প্রয়োজন। এ-সংক্রান্ত কাগজপত্র অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু প্রায় এক বছর হলেও এখন পর্যন্ত কোনো বিধি-প্রবিধান গেজেট আকারে প্রকাশ করা হয়নি। শিগগিরই এসব বিধি ও প্রবিধান গেজেট আকারে প্রকাশের দাবি জানান তিনি।