বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) বেসরকারি খাতের কাছে ‘স্বার্থবন্দী নিয়ন্ত্রক’ হয়ে না পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।আইডিআরএকে উদ্দেশ করে উপদেষ্টা বলেছেন, খেয়াল রাখতে হবে, যাদের নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রক সংস্থা যেন উল্টো তাদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে পড়ে। সে রকম কিছু হলে বলা যেতে পারে জনস্বার্থের পরিপন্থী বিষয়কে সহায়তা করা হয়। আর ওই ধরনের নিয়ন্ত্রককেই তখন বলা হয় স্বার্থবন্দী নিয়ন্ত্রক।জাতীয় প্রেসক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘নতুন বিমা আইন ও বিমা খাত’ শীর্ষক আলোচনা সভায় গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান এসব কথা বলেন।ইআরএফ সভাপতি মনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ, অ্যাকচুয়্যারি মো. সোহরাব উদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম, গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির এ চৌধুরী বক্তব্য দেন।মসিউর রহমান বলেন, বিমা হলো মানুষের জীবন ও ব্যবসায়ের ঝুঁকি পুনর্বিন্যাস করা, যে ঝুঁকি এককভাবে নেওয়া হলে ভারটা অনেক বেশি হয়ে পড়ে। বিমা থাকলে ঝুঁকি ভাগ হয়ে সুরক্ষা হয়। তবে নিয়ন্ত্রক সংস্থা যদি জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়, সেটাকে তখন বলা হয় নিয়ন্ত্রক সংস্থার ঝুঁকি। মনে রাখতে হবে, সেই ঝুঁকির কিন্তু কোনো বিমা করা নেই।জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের পাহারা দেওয়া বিমা কোম্পানির মূল দায়িত্ব বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এই জন্যই বিমা কোম্পানির কাজের অন্য নাম হলো ‘পরের ধনের পাহারাদারি’। পাহারাদারিটা ঠিকমতো না হলেই তা হয়ে যায় ‘পরের ধনে পোদ্দারি’।মসিউর বলেন, পোদ্দারি না করে পাহারাদারির কাজটা ভালোভাবে করা হচ্ছে কি না, সে জন্য সরকারের একটা দায়িত্ব আছে। সরকারের পক্ষে সেই দায়িত্বই পালন করছে নিয়ন্ত্রক সংস্থা। তবে নিয়ন্ত্রক সংস্থা এককভাবে সিদ্ধান্ত নিলে অনেক ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয় বলে মনে করেন মসিউর। তিনি বলেন, ‘দলবদ্ধ হয়ে তখন বেসরকারি খাতের লোকেরা বিরোধিতা করেন। এই টানাপোড়েন দূর করতে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব যেমন রয়েছে, ব্যবসায়ীদেরও রয়েছে ঠিক সমান দায়িত্ব। ব্যবসায়ীদের উচিত নিজেদের কাজগুলো আইন মেনে করা।’আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের এক কোটি মানুষ বিমা খাতের সঙ্গে জড়িত। কর্মসংস্থানের দিক থেকেও এটি বিরাট এক খাত। আর বিমা গ্রাহক, শেয়ারধারী ও গোটা বিমা খাতের স্বার্থ দেখার জন্যই আইডিআরএর সৃষ্টি।জীবন বিমা তহবিলে বর্তমানে ১৫ হাজার কোটি টাকা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিচালনা পর্ষদে বিমা গ্রাহকদের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই এই অর্থ সংরক্ষণের দায়িত্ব আইডিআরএর।১৭টি জীবন বিমা কোম্পানির প্রিমিয়াম আয় পাঁচ হাজার ৮০০ কোটি টাকা হলেও ৪৩টি সাধারণ বিমা কোম্পানির প্রিমিয়াম আয় মাত্র এক হাজার ৪০০ কোটি টাকা। এই তথ্য জানিয়ে আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘আইন-কানুন মেনে চললে সাধারণ বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকায় উন্নীত হওয়া সম্ভব।’তবে আইডিআরএর এ যাবৎ জারি করা প্রজ্ঞাপনগুলো প্রত্যাহারের দাবি জানান ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম। তিনি বলেন, ভুলে গেলে চলবে না যে ব্যাংক ও বিমা খাতের উন্নয়নে তৈরি পোশাক খাতের অবদান রয়েছে। অথচ আইডিআরএ সম্প্রতি এমন প্রজ্ঞাপনও জারি করেছে, যাতে পোশাক খাতের ব্যয় বেড়ে যাবে। আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না জানিয়ে আসিফ ইব্রাহীম আইডিআরএর উদ্দেশে বলেন, ‘বেসরকারি খাতকে এড়িয়ে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে, আর সবাই তা মেনে নেবে, এমনটা ভাবা ঠিক নয়।’অনেক সময় নিয়ে ও অনেক ধাপ পার করে বিমা আইন পাস হয়েছে, তখন আপত্তি না করে এখন করা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে আসিফ ইব্রাহীম বলেন, ‘আইন নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো ট্যারিফ হার বাড়ানো নিয়ে।’এ বিষয়ে শেফাক আহমেদ বলেন, ‘হার বাড়ানো হয়নি। কিছু গোষ্ঠী সুবিধা পেত। সমান সুযোগের ক্ষেত্র তৈরির জন্য তা বন্ধ করে দেওয়া হয়েছে।’নাসির এ চৌধুরী বলেন, দেশে সাধারণ বিমা কোম্পানিগুলোর ট্যারিফ হার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। তা কমানোর দাবি জানান তিনি।