বিমা খাতে দেশের প্রথম উদ্ভাবন কেন্দ্র মেটলাইফের
বিমা খাতে দেশের প্রথম উদ্ভাবন কেন্দ্র (ইনোভেশন সেন্টার) চালু করেছে বিদেশি জীবনবিমা কোম্পানি মেটলাইফ বাংলাদেশ। এই কেন্দ্রের মাধ্যমে মেটলাইফ তার গ্রাহকদের চাহিদা পূরণে নতুন নতুন উপায় বের করবে।
রাজধানীর মতিঝিলে মেটলাইফ ভবনে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। মেটলাইফ ভবনের পঞ্চম তলায় ৩৮০ বর্গফুটের আয়তনের ওপর তৈরি হয়েছে এই উদ্ভাবন কেন্দ্র।
মেটলাইফ বাংলাদেশ একসময় আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (আলিকো) নামে পরিচিত ছিল। ২০০৮-০৯ সময়ের বিশ্বমন্দার প্রভাবে আলিকোর অবস্থা খারাপ হতে থাকলে ২০১০ সালের ১ নভেম্বর এটিকে কিনে নেয় মেটলাইফ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফের এশীয় অঞ্চলের প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) জিয়া জামান বলেন, গ্রাহক স্বার্থে নতুন নতুন সমাধান তৈরিতে কাজ করবে উদ্ভাবন কেন্দ্রটি। এটি জীবনবিমা নিয়ে সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখবে।
মেটলাইফ বাংলাদেশের মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করিম বলেন, ‘দেশের বিমাশিল্পের প্রথম উদ্ভাবন কেন্দ্র উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এই কেন্দ্রের মাধ্যমে মেটলাইফের কর্মীরা সম্মিলিতভাবে গ্রাহকসেবায় নতুন ভাবনার প্রকাশ ঘটাতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, মেটলাইফ ২০১৫ সালে প্রথম ‘লুমেন ল্যাব’ নামে উদ্ভাবন কেন্দ্র চালু করে সিঙ্গাপুরে। কোম্পানিটি গত বছর একই ধরনের কেন্দ্র চালু করে জাপানে। বাংলাদেশেরটি তাদের তৃতীয় উদ্ভাবন কেন্দ্র।
মেটলাইফ ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত বিশ্বের ৪০টিরও বেশি দেশে কাজ করা বহুজাতিক কোম্পানি। অনেক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও বাংলাদেশে এটি শুধু শাখা হিসেবে কাজ করছে ১৯৫২ সাল থেকে। যুক্তরাষ্ট্রের উইলমিংটনে এর প্রধান কার্যালয় অবস্থিত এবং বিশ্বজুড়ে এর প্রায় ১০ কোটি গ্রাহক রয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, মেটলাইফের প্রিমিয়াম আয় হয়েছে ২০১১ সালে ১ হাজার ৪৬১ কোটি, ২০১২ সালে ১ হাজার ৬৮৩ কোটি, ২০১৩ সালে ১ হাজার ৭৪০ কোটি এবং ২০১৪ সালে ১ হাজার ৯২১ কোটি টাকা।