বিমা খাতে নৈতিকতার অভাব তবে পরিস্থিতি বদলাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার তিন দিনব্যাপী বিমা মেলা উদ্বোধনের পরে বিভিন্ন স্টলে দর্শনার্থীরা ভিড় করেন l প্রথম আলো
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার তিন দিনব্যাপী বিমা মেলা উদ্বোধনের পরে বিভিন্ন স্টলে দর্শনার্থীরা ভিড় করেন l প্রথম আলো

বিমা খাতে নৈতিকতার বেশ অভাব রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, অনেক বছর থেকে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠায় বিমা খাতে খারাপ অবস্থা তৈরি হয়েছিল। তবে অর্থমন্ত্রীর পর্যবেক্ষণ হচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে এবং বিমাশিল্প বিকশিত হচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বিমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে সংস্থাটির সদস্য ও মেলা আয়োজক কমিটির সভাপতি মো. কুদ্দুস খান এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।
দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। মেলায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চলবে কাল শুক্রবার পর্যন্ত।
অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালে নতুন দুটি আইন প্রণয়ন এবং ২০১১ সালে আইডিআরএর যাত্রা শুরুর পর থেকে বিমাশিল্পের চেহারা পাল্টা যাচ্ছে।
শুরুর দিকে আইডিআরএর প্রধান কাজ ছিল বিধিমালা তৈরি—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিমার বিকাশ খুব মন্দ নয়। আগামী দিন বিমার—অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, ১৯৩৮ সালের বিমা আইন দিয়ে বিমা খাত অনিয়ন্ত্রিতভাবে চলে আসছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকার নতুন বিমা আইন এবং বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন করে। তার ভিত্তিতেই সরকার পরে নতুন দুটি আইন প্রণয়ন করে।
অনুষ্ঠানের দর্শক কাতারের সামনের সারিতে বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা বসে ছিলেন। তাঁদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান বলেন, ‘আমি আশা করব, চালচলনের মাধ্যমে আপনারা বিমাশিল্পটিকে এগিয়ে নিয়ে যাবেন।’
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকায় অর্থনীতিতে নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারেনি বিমা খাত। নিয়মনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যমান বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করে দৃঢ় ভিত্তির ওপর বিমাশিল্পকে দাঁড় করানোর কাজ করছে আইডিআরএ। তিনি বলেন, আইডিআরএর পদক্ষেপের কারণেই সাধারণ বিমার (নন-লাইফ) ক্ষেত্রে বাকি ব্যবসা কমেছে এবং প্রিমিয়ামও যথাসম্ভব ঠিকভাবে আদায় হচ্ছে।
লিখিত বক্তব্যে জীবন বিমা কোম্পানিগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ পায় শেফাক আহমেদের। তিনি বলেন, ‘প্রিমিয়াম হচ্ছে পলিসি হোল্ডারদের আমানত। মেয়াদ শেষে মুনাফাসহ তাঁদের টাকা ফেরত দিতে হবে। সংগৃহীত প্রিমিয়ামের কত অংশ খরচ করা যাবে—আইনে তা বলা আছে। পরিতাপের বিষয় অধিকাংশ কোম্পানিই আইন অমান্য করে পলিসি হোল্ডারদের টাকা খরচ করছে।’
মেলায় প্রতিদিনই একটি করে সেমিনার থাকছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় সেমিনারে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আর আগামীকাল অনুষ্ঠেয় সেমিনারের প্রধান অতিথি হাসানুল হক ইনু।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত এবং বিনা মূল্যের প্রবেশ টিকিটের ওপর প্রতিদিনই থাকছে র্যা ফল ড্র। এ ছাড়া থাকছে বিমা দাবির চেক হস্তান্তর, বিমা খাতে চাকরির সুযোগ-সংক্রান্ত তথ্য দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, আইডিআরএ চেয়ারম্যান ও সদস্যদের ক্রেস্ট বিতরণ-পর্বটি ছিল অগোছালো। দেখা গেছে, উপস্থাপক একজনের নাম বলেছেন তো ক্রেস্ট নিলেন আরেকজন। আবার একজন ক্রেস্ট নিলেন তো তিনিই আবার আরেকজনকে ক্রেস্ট দিলেন। কী কারণে ক্রেস্টের ছড়াছড়ি তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি মেলা আয়োজক কমিটি।