বিমা খাতে প্রিমিয়াম আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে বিমা খাতের প্রিমিয়াম আয়। বেসরকারি জীবনবিমা খাতে প্রিমিয়াম আয় বেড়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ। আর বেসরকারি সাধারণ বিমা (নন-লাইফ) খাতে বেড়েছে ১০ দশমিক ৫২ শতাংশ। আগের বছর প্রিমিয়াম বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৪ দশমিক ৬০ ও ১০ শতাংশ।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বার্ষিক সাধারণ সভায় এ তথ্য তুলে ধরা হয়। বিআইএ সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, ২০১৩ সালে বেসরকারি জীবনবিমা কোম্পানিগুলো প্রিমিয়াম আয় করেছে ৬ হাজার ৬৮৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ৬ হাজার ২৪৮ কোটি টাকা। এক বছরে আয় বেড়েছে ৪৩৫ কোটি টাকা বা ৬ দশমিক ৯৬ শতাংশ।
আর একই বছরে বেসরকারি সাধারণ বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় হয়েছে দুই হাজার ১০০ কোটি টাকা। আগের বছর যা ছিল ১ হাজার ৯০০ কোটি টাকা। বৃদ্ধির হার ১০ দশমিক ৫২ শতাংশ বা ১৯৯ কোটি টাকা।
সাধারণ বিমার সম্পদ ও বিনিয়োগ: বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানির সম্পদের পরিমাণ ২০১৩ সালে হয়েছে ৫ হাজার ৩৭ কোটি টাকা, যা আগের বছরের ৪ হাজার ৮৯২ কোটি টাকার চেয়ে ১৪৫ কোটি টাকা বেশি। ২০১৩ সালে নন-লাইফ কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৮৩৯ কোটি টাকা। আগের বছরে যা ছিল ২ হাজার ৪৩৮ কোটি টাকা। বেড়েছে ৪০১ কোটি টাকা।
জীবনবিমার তহবিল, সম্পদ ও বিনিয়োগ: বেসরকারি জীবনবিমা খাতের জীবনবিমা তহবিল (লাইফ ফান্ড) ২০১৩ সালে দাঁড়ায় ২২ হাজার ১৭৯ কোটি টাকা, যা ২০১২ সালে ছিল ১৯ হাজার ৪৫৫ কোটি টাকা। বেড়েছে দুই হাজার ৭২৪ কোটি টাকা।
আলোচ্য বছরে কোম্পানিগুলোর বিনিয়োগ হয়েছে ১৯ হাজার ২৭০ কোটি টাকা। আগের বছর ছিল ১৬ হাজার ৬১৩ কোটি টাকা। বেড়েছে ২ হাজার ৬৫৭ কোটি টাকা। এদের মোট সম্পদ ২০১৩ সালে হয়েছে ২৭ হাজার ৮৪৬ কোটি টাকা। আগের বছরে তা ছিল ২২ হাজার ৪০৮ কোটি টাকা। বেড়েছে প্রায় ৫ হাজার ৪৩৮ কোটি টাকা।