বিমা খাতে বাকি ব্যবসা বন্ধে কঠোর হচ্ছে আইডিআরএ
ঝুঁকি কমাতে সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের পলিসি খোলেন ব্যবসায়ীরা। অগ্নি ও নৌ—প্রধানত এই দুই ধরনের পলিসি খোলা হলেও তাঁরা পলিসির কোনো প্রিমিয়াম দেন না বা পরে দেবেন বলে অঙ্গীকার করেন। কিন্তু দুর্ঘটনা ঘটলে যোগসাজশের মাধ্যমে ব্যবসায়ীদের পক্ষে তড়িঘড়ি কাগজপত্র তৈরি করে দেয় আবার বিমা কোম্পানিগুলোই। এতে বছরের পর বছর বিমা কোম্পানিগুলো ক্ষতির শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে বিমা দাবির টাকা পেতেও সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০১১ সালে বাকি ব্যবসায়ের এই চর্চা বন্ধের নির্দেশ দেয়। এরপর কিছুদিন শৃঙ্খলা ফিরে এলেও আবার একই কাজ শুরু করে বিমা কোম্পানিগুলো। দেশের মোট ৪৫টি সাধারণ বিমা কোম্পানির মধ্যে ২০১২-১৩ সময়ে ১০টি কোম্পানি থেকে বাকি ব্যবসায়ের দায়ে ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আইডিআরএ এবার চিহ্নিত করেছে আরও পাঁচটিকে। এ দফার জরিমানার পরিমাণ এক কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির পাশাপাশি কর্মকর্তাদেরও জরিমানার আওতায় আনা হয়। জরিমানার পরিমাণ হচ্ছে মেঘনা ইনস্যুরেন্স ৪৫ লাখ ৫০ হাজার, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ৩৯ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স ২৪ লাখ, রিপাবলিক ইনস্যুরেন্স ১৪ লাখ এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি ১৩ লাখ টাকা।
আইডিআরএ কার্যালয়ে গত ২৪-২৭ নভেম্বর আলাদাভাবে অনুষ্ঠিত শুনানিতে এ জরিমানা করা হয়। জরিমানার কারণ মূলত বাকিতে ব্যবসা করা। এ ছাড়া রয়েছে অনুমোদন ছাড়া শাখা খোলা ও ব্যাংক চেকের পরিবর্তে নগদে পলিসির টাকা নেওয়া ইত্যাদি।
যোগাযোগ করা হলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাকি ব্যবসা বিমা কোম্পানিগুলোর বিষফোড়া। এ ফোড়া কাটতে হবে। কোম্পানিগুলোকে জরিমানা করা হয়েছে, যাতে অন্যদের জন্য তা শিক্ষণীয় হয়।’
বিমা খাতের স্বার্থেই বাকি ব্যবসা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘মাত্রাতিরিক্ত হারে কমিশন দেওয়া এবং বাকিতে ব্যবসা—দুটোই করছে বিমা কোম্পানিগুলো। আইডিআরএ কঠোর হলে তা বন্ধ হতে বাধ্য।’
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স: আইডিআরএ সূত্রে জানা গেছে, জরিমানা করার আগে সংস্থাটির পরিদর্শক দল স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের মতিঝিল ও ফরিদপুর শাখা পরিদর্শন করে। টাকা জমার রসিদ, ব্যাংকের হিসাব বিবরণী ও পলিসি পরীক্ষা করে দুই শাখাতেই বাকি ব্যবসার প্রমাণ পায় পরিদর্শক দল। শুনানিতে কোম্পানির কর্মকর্তারা তা স্বীকারও করেন।
এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রত্যেক মাসের অনিয়মের জন্য কোম্পানিকে জরিমানা করা হয় ছয় মাসে পাঁচ লাখ করে ৩০ লাখ, এমডি অমরকৃষ্ণ সাহাকে এক লাখ করে ছয় লাখ এবং মতিঝিল শাখার ব্যবস্থাপক আবদুল মতিন সরকারকে ৫০ হাজার করে তিন লাখ টাকা। মোট জরিমানা ৩৯ লাখ টাকা।
যোগাযোগ করা হলে অমরকৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা আইডিআরএর কাছে অঙ্গীকার করে এসেছি যে আর বাকি ব্যবসা করব না। এবারের জন্য ক্ষমাও চেয়ে এসেছি।’ তবে জরিমানার কোনো চিঠি স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স এখনো পায়নি বলে জানান তিনি।
মেঘনা ইনস্যুরেন্স: মেঘনা ইনস্যুরেন্সের ঢাকার মতিঝিল, চট্টগ্রামের জুবিলি রোড ও নারায়ণগঞ্জ শাখার ওপর পরিদর্শন করে বাকি ব্যবসা, লাইসেন্সহীন বিমা এজেন্টকে (প্রতিনিধি) কমিশন দেওয়া ও পলিসির টাকার ক্ষেত্রে নগদ লেনদেনের প্রমাণ পায় আইডিআরএর পরিদর্শক দল।
এ জন্য জরিমানা করা হয় মেঘনা ইনস্যুরেন্সকে ৩৫ লাখ, কোম্পানির এমডি তালুকদার মো. জাকারিয়া হোসেনকে সাত লাখ, মতিঝিল শাখার ব্যবস্থাপক এম এ ওয়াদুদ বারীকে আড়াই লাখ এবং নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেনকে এক লাখ টাকা।
জানতে চাইলে তালুকদার মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, তিন দিন পর গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। আর এটাকেই আইডিআরএ বলছে বাকি ব্যবসা। এ ছাড়া পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদে নেওয়া যায়। মাত্র ১০০ টাকা বৃদ্ধি অর্থাৎ পাঁচ হাজার ১০০ টাকা নগদে নেওয়ার কারণে লঙ্ঘন হিসেবে বিবেচনা করে আইডিআরএ। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার এক মাস পর প্রতিনিধির লাইসেন্সের জন্য আবেদন করা হলেও আইডিআরএ নমনীয়ভাবে দেখেনি।
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স: সরেজমিন পরিদর্শন করে আইডিআরএর দল দেখতে পায় সংস্থাটির অনুমোদন ছাড়াই শাখা খুলেছে এই কোম্পানি। এ জন্য কোম্পানিকে চার মাসের জন্য পাঁচ লাখ করে ২০ লাখ এবং এমডি মো. সানাউল্লাহকে এক লাখ করে চার লাখ অর্থাৎ ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
যোগাযোগ করা হলে সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, আমরা আইডিআরএকে না জানিয়ে ঠিকানা পরিবর্তন করেছিলাম। অথচ আইডিআরএ এখন বলছে না জানিয়ে আমরা শাখা খুলেছি। শুধু এই কারণে জরিমানা আরোপ করা ঠিক হয়নি বলে তিনি মনে করেন।
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স: এই কোম্পানির প্রিন্সিপাল শাখা পরিদর্শন করে দুই মাসের ওপর দুটি আলাদা শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক মাসের জন্য কোম্পানিকে পাঁচ লাখ, এমডি অরুণকুমার সাহাকে এক লাখ এবং ডিএমডি ও শাখা ব্যবস্থাপক শেখ আহসান হাবিবকে ৫০ হাজার অর্থাৎ মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।
ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের এমডি অরুণকুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘দুই থেকে তিন দিন পর চেক পেয়েছি। আইডিআরএ বলছে, তাও এটি লঙ্ঘন। আমাদের কিছু বলার নেই।’
রিপাবলিক ইনস্যুরেন্স: রিপাবলিক ইনস্যুরেন্সের হাটখোলা শাখা পরিদর্শন করে বাকিতে ব্যবসার প্রমাণ পায় আইডিআরএ। এ জন্য কোম্পানিকে পাঁচ লাখ, এমডি এম এম মহিউদ্দিন চৌধুরী এক লাখ এবং শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ভুঁইয়াকে এক লাখ করে দুই মাসে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।