বিমা খাতে বিরোধ নিষ্পত্তি কমিটির যাত্রা শুরু
এখন থেকে বড় অঙ্কের বিমা দাবির অভিযোগ নিষ্পত্তি করবে বিরোধ নিষ্পত্তি কমিটি। বিমা খাতে দেশে প্রথমবারের মতো এ কমিটি গঠিত হয়, যা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গতকাল মঙ্গলবার।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ গতকাল সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিরোধ নিষ্পত্তি কমিটির কার্যক্রমের উদ্বোধন করেন।
বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আরায়েস উদ্দিন। তিনজন সদস্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন, আইডিআরএর সদস্য মো. কুদ্দুস খান এবং ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের (আইএনএম) নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী।
জীবনবিমার ক্ষেত্রে যেকোনো সংক্ষুব্ধ বিমাগ্রাহক ২৫ হাজার টাকা পর্যন্ত বিমা দাবি নিষ্পত্তির আবেদন করতে পারবেন আইডিআরএতে। সাধারণ বিমার (নন-লাইফ) ক্ষেত্রে এ পরিমাণ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দাবির পরিমাণ এর বেশি হলেই আবেদন করতে হবে বিরোধ নিষ্পত্তি কমিটিতে।
অনুষ্ঠানে জানানো হয়, আবেদন করতে হবে বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান বরাবর। তবে আবেদনের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই মোট বিমা দাবির ২ শতাংশ টাকা পে-অর্ডার বা ডিডি করে আইডিআরএ বরাবর জমা দিতে হবে। বিরোধ নিষ্পত্তি কমিটি এরপর উভয় পক্ষকে শুনানিতে ডেকে একটি সিদ্ধান্ত দেবে। তবে কমিটির সিদ্ধান্তে কোনো পক্ষ অসন্তুষ্ট হলে তিনি এর বিরুদ্ধে ৩০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত আদালতের শরণাপন্ন হতে পারবেন।
বিরোধ নিষ্পত্তি কমিটি আইডিআরএর বলয়ের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করবে বলে জানান শেফাক আহমেদ।
বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান আরায়েশ উদ্দিন বলেন, ‘আমি এখানে টাকার জন্য আসিনি। আমার ৪৬ বছরের বিচারজীবনের অভিজ্ঞতার আলোকে আমি কাজ করে যাব।’
অনুষ্ঠানের পর জানা গেছে, গতকালই বিরোধ নিষ্পত্তি কমিটিতে একটি অভিযোগ এসেছে। আর আইডিআরএতে আসা বড় অঙ্কের দাবির আবেদনগুলো গতকালই বিরোধ নিষ্পত্তি কমিটিতে স্থানান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে আইডিআরএর সদস্য জুবের আহমেদ খান, কুদ্দুস খান ও সুলতান-উল-আবেদীন মোল্লা, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ও সহসভাপতি আহসানুল ইসলাম, বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি সদস্য এস এম ইব্রাহিম হোসেন, বাংলাদেশ ইনস্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম আতিক উল্লাহ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।