বিমা খাতের মাধ্যমেও মানি লন্ডারিং হচ্ছে
ব্যাংক খাতের পাশাপাশি বিমা খাতের মাধ্যমেও এখন মানি লন্ডারিং হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেছেন। গভর্নর অবশ্য মনে করেন, ব্যাংক আইন কড়াকড়ি হওয়ার কারণে মানি লন্ডারিংটা বিমা খাতের দিকে যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমেরও প্রায় একই মত। তাঁর মতে, বিমা খাতের প্রসার হচ্ছে এবং মানি লন্ডারিংয়ের ঝুঁকিও বাড়ছে এ খাতে।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিমা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে (ক্যামেলকো ২০১৪) প্রধান অতিথি ছিলেন আতিউর রহমান। আসলাম আলম ছিলেন সম্মানিত অতিথি। সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গভর্নরের মতে, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বর্তমানে কোনো একক দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়। বরং এটি আন্তর্জাতিক সমস্যা। এ থেকে উত্তরণে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে দেশে। কিন্তু এই পরিবর্তনই শেষ কথা নয়। দরকার আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন।
এদিকে মানি লন্ডারিং প্রতিরোধে বিমা কোম্পানিগুলোতে আধুনিক সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন এম আসলাম আলম। তিনি বলেন, মানুষ সুযোগ পেলেই অপরাধ করে। অপরাধ পুরোপুরি নির্মূল করা না গেলেও তা সীমিত রাখা সম্ভব। মুশকিল হলো, আইনের সঠিক প্রয়োগ নেই দেশে।
বিশেষজ্ঞরা মনে করেন, আইনের যথাযথ প্রয়োগে বাংলাদেশ ব্যাংক, আইডিআরএ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগেরও দায়িত্ব রয়েছে।
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও আইডিআরএর সদস্য মো. কুদ্দুস খান।