নর্দার্ন জেনারেল ও এক্সপ্রেস ইনস্যুরেন্সকে দাবি পরিশোধে আন্তরিক হওয়ার পরামর্শ
বিমা জরিপকারী দুই প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন স্থগিত
দেশের দুটি বিমা জরিপকারী প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন স্থগিত করে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর একটি হলো পিপলস রিলায়েন্স সার্ভেয়ার। এর লাইসেন্স নবায়ন স্থগিত করা হয়েছে এক মাস অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত। অপর জরিপকারী প্রতিষ্ঠানের নাম ফেভারিট সার্ভেয়ারস। এর লাইসেন্স নবায়ন স্থগিত করা হয়েছে ছয় মাস অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত। এ ছাড়া মোটর বিমার দাবি পরিশোধে দুটি কোম্পানিকে আন্তরিক হতে বলেছে আইডিআরএ। কোম্পানি দুটি হচ্ছে নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স ও এক্সপ্রেস ইনস্যুরেন্স কোম্পানি।সম্প্রতি আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় দুই ভিন্ন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কয়েক বছর আগে নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিতে মোটর বিমা করেছিলেন শাহানা হোসেন নামের একজন গ্রাহক। গাড়ি দুর্ঘটনায় পড়লে কোম্পানির কাছে তিনি সাত লাখ ১০ হাজার টাকার একটি বিমাদাবির আবেদন করেন। নর্দার্ন কর্তৃপক্ষ শাহানা হোসেনের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জরিপকারী (সার্ভেয়ার) নিয়োগ দেয় ফেভারিট সার্ভেয়ারস নামক একটি প্রতিষ্ঠানকে। জরিপ প্রতিবেদনে শাহানা হোসেনের ক্ষয়ক্ষতি এক লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা হয়েছে বলে উল্লেখ করা হয়। অবাস্তব এই পরিমাণকে না মেনে এবং প্রতিকার চেয়ে শাহানা হোসেন এরপর আবেদন করেন আইডিআরএর কাছে। এর পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি নর্দার্ন জেনারেল ও ফেভারিট সার্ভেয়ারসকে দাবির বিষয়ে তাদের বক্তব্য জানাতে চিঠি পাঠায় আইডিআরএ। জবাবে ফেভারিট সার্ভেয়ারস আইডিআরএকে জানায়, বিমাগ্রহীতার স্বাক্ষরকৃত যন্ত্রাংশের ক্ষতির তালিকা অনুযায়ী সেগুলোর বাজারমূল্য যাচাই করে ক্ষতির পরিমাণ এক লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা নির্ণয় করা হয়েছে। আর নর্দার্ন কর্তৃপক্ষ জানায়, নিজেরা অনুসন্ধান করে ক্ষতির অঙ্ক তারা বাড়িয়েছে। প্রকৃতপক্ষে এ ক্ষতি হবে চার লাখ ৫০ হাজার টাকা। কোম্পানি নিজেই যে দাবির অঙ্ক বাড়িয়েছে—এ বিষয়ে ফেভারিট সার্ভেয়ারস আইডিআরএকে বলেছে, বিমাগ্রহীতার বাসায় গিয়ে আলোচনা করে ক্ষতির বিপরীতে চার লাখ ৫০ হাজার টাকার চেক দিয়েছে কোম্পানিটি।এরপর গত ২৫ ফেব্রুয়ারি আইডিআরএ কার্যালয়ে বসে ত্রিপক্ষীয় শুনানি। এতে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ, সংস্থার তিন সদস্য, নর্দার্ন ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ফেভারিট সার্ভেয়ারসের প্রধান জরিপকারী কে এম শহিদুল ইসলাম এবং বিমাগ্রহীতা শাহানা হোসেন উপস্থিত ছিলেন। শুনানি শেষে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ফেভারিট সার্ভেয়ারসের লাইসেন্স নবায়ন স্থগিত করা হয়। আর নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে বলা হয় তিন বছরের সুদসহ বিমাদাবি হিসেবে মোট ১০ লাখ চার হাজার ৫২৩ টাকা পরিশোধ করতে। দাবি পরিশোধে আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে ভবিষ্যতে একই রকমের আচরণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।এদিকে, নর্দার্ন ইনস্যুরেন্সের মতো একই কাজ করেছে এক্সপ্রেস ইনস্যুরেন্স কোম্পানি। দুই বছর আগে বিমাগ্রাহক নাহিদা সুলতানা এক লাখ পাঁচ হাজার টাকার মোটর বিমা দাবির আবেদন করেন এক্সপ্রেস ইনস্যুরেন্সে। কোম্পানিটি ক্ষয়ক্ষতি নিরূপণের দায়িত্ব দেয় জরিপকারী প্রতিষ্ঠান পিপলস রিলায়েন্স সার্ভেয়ার নামক একটি প্রতিষ্ঠানকে। কিন্তু জরিপ প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে আসে ১৭ হাজার ৫০০ টাকা। প্রতিকার চেয়ে নাহিদা সুলতানা তখন বিষয়টি আইডিআরএকে জানান।সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এক সভায় কোম্পানি কর্তৃপক্ষকে দাবি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, কোম্পানি কর্তৃপক্ষ ৮৪ হাজার ৬৪৫ টাকা পরিশোধ করে দাবিটি নিষ্পত্তিও করে। কিন্তু দাবি নিষ্পত্তি হলেও গত ২৫ ফেব্রুয়ারি আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আরেকটি শুনানি। এতে আইডিআরএ চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি এক্সপ্রেস ইনস্যুরেন্সের এমডি, পিপলস রিলায়েন্স সার্ভেয়ারের প্রধান জরিপকারী এন কে সেন ও বিমাগ্রাহক নাহিদা সুলতানা উপস্থিত ছিলেন। শুনানি শেষে পিপলস রিলায়েন্স সার্ভেয়ারের ৩১ মার্চ পর্যন্ত লাইসেন্স নবায়ন স্থগিত করা হয় এবং বিমাদাবি পরিশোধে এক্সপ্রেস ইনস্যুরেন্স কোম্পানিকে আন্তরিক হতে বলা হয়। ভবিষ্যতে দাবি পরিশোধে অনীহা দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও কোম্পানির প্রতি হুঁশিয়ার করা হয়।