বিমা দাবি আদায়ে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের ব্যবস্থাপক ও বিমা কোম্পানির যোগসাজশের কারণে যথাযথ বিমা পলিসি হচ্ছে না। আর এ কারণে দাবি পেতে হয়রানির শিকার হচ্ছেন বিমা গ্রাহকেরা।
ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় বিমা পলিসি খুলতে হয়। তবে বিমা গ্রাহকেরা অনেক সময় জানেনই না যে কোন বিমা কোম্পানিতে এবং কী সুবিধার ভিত্তিতে তা খোলা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর থেকে এই অপচর্চা চলে আসছে বলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে জানা গেছে।
প্রিমিয়াম কমানোর উদ্দেশ্যে একশ্রেণীর ব্যাংক ও বিমা কোম্পানি মিলে গ্রাহক ঠকানোর এ কাজ করছে বলে সম্প্রতি প্রথম আলোর কাছে স্বীকার করেন আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ।
শেফাক আহমেদ বলেন, ‘যোগসাজশ করে দ্বিতীয় শ্রেণীর বিমাকে প্রথম শ্রেণী কিংবা তৃতীয় শ্রেণীর বিমাকে দ্বিতীয় শ্রেণী হিসেবে দেদার দেখানো হচ্ছে। বিষয়টি আইডিআরএর নজরে এসেছে।’
উদাহরণ হিসেবে সাম্প্রতিক একটি চিত্র তুলে ধরেন আইডিআরএর চেয়ারম্যান। সেটি হচ্ছে, ক্ষুদ্র প্রতিষ্ঠান রংধনু এন্টারপ্রাইজের গুদামঘরের বিমা পলিসি হয়েছিল নিটল ইনস্যুরেন্স কোম্পানিতে। দুই বছর আগে গুদামঘরটি আগুনে পুড়ে গেলেও এর ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি নিটল ইনস্যুরেন্স। কারণ, গ্রাহক সত্য গোপন করে তৃতীয় শ্রেণীর গুদামঘরকে দ্বিতীয় শ্রেণী হিসেবে দেখিয়েছে।
কিন্তু আইডিআরএ বলেছে, রংধনু এন্টারপ্রাইজের মো. মোস্তাকিম সত্য গোপনের কাজটি করেছে ব্যাংকের পরামর্শে। যমুনা ব্যাংকের চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শাখা থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ নিলে ব্যবস্থাপক শহীদুল ইসলাম পরামর্শ দেন নিটল ইনস্যুরেন্সে পলিসি খুলতে। ঋণ নেওয়ার সময় বিমা পলিসি খোলার বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপকের পরামর্শকে সবাই মেনে নেন, রংধনু এন্টারপ্রাইজও মেনে নিয়েছিল।
২০১২ সালের জুনে সংঘটিত এই অগ্নিকাণ্ডের জরিপকারী পিপলস রিলায়েন্স দুই লাখ ৮৫ টাকার ক্ষতি নির্ধারণ করে। নিটল ইনস্যুরেন্স তা পরিশোধ না করলে অভিযোগ আসে আইডিআরএতে এবং গত সপ্তাহে ত্রিপক্ষীয় শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্য, নিটলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল করিম, যমুনা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা প্রহলাদ সূত্রধর এবং রংধনু এন্টারপ্রাইজের মো. মোস্তাকিম উপস্থিত ছিলেন।
আইডিআরএ সিদ্ধান্ত নেয়, শ্রেণীকাঠামো ভুলের জন্য রংধনু এন্টারপ্রাইজ দায়ী নয়, দায়ী যমুনা ব্যাংক। তাই জরিপ প্রতিবেদন অনুযায়ী ক্ষুদ্র প্রতিষ্ঠানটির দুই লাখ ৮৫ হাজার টাকা প্রাপ্য।
গুদামঘরে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পণ্যেরই কোনো বিমা ছিল না বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।
ব্যাংক ও বিমা কোম্পানির যোগসাজশ বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে আইডিআরএর চেয়ারম্যান বলেন, ‘শিগগির আমরা এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করব। এতে বলা থাকবে যে বিমাকারী প্রতিষ্ঠানের নামফলক বা সাইনবোর্ডসহ চতুর্দিকের ছবি সংগ্রহের পর বিমা কোম্পানিগুলো পলিসি কাভারনোট চুক্তি করবে।’
এ বিষয়ে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, আইডিআরএ প্রজ্ঞাপন দিলে বিআইএর সদস্যদের তা প্রতিপালনে তাগিদ দেওয়া হবে।
গ্রাহককে না জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপক ও বিমা কোম্পানির যোগসাজশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বাধীন নিয়ন্ত্রক সংস্থাগুলোর ত্রৈমাসিক বৈঠকে উত্থাপিত হলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও কোনো নির্দেশনা আসতে পারে বলে মনে করেন শেখ কবির হোসেন।