বিমা দাবি পরিশোধে অদ্ভুত জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সরকারি প্রতিষ্ঠানেরই বিমা করার বাধ্যবাধকতা রয়েছে সাধারণ বীমা করপোরেশনে (সাবিক)। কিন্তু তা মানেনি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। আর এই কাজে সহায়তা দিয়েছে খোদ সাবিক।

সম্প্রতি বিষয়টি ধরা পড়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে।

জানা গেছে, ২০০৫ সালের ১ মার্চ অগ্নি বিমা পলিসি করতে আরপিসিএলের ময়মনসিংহ পাওয়ার স্টেশন ইউনিট-৩ যায় সাবিকে। সাবিক কর্তৃপক্ষ ৬০ শতাংশ ঝুঁকি বহনের দায়িত্ব নিজের মধ্যে রেখে বাকি ৪০ শতাংশ ঝুঁকি বহনের জন্য ১৬টি বেসরকারি বিমা কোম্পানিকে (কো-ইনস্যুরার) সঙ্গে নেয়। নিয়ম অনুযায়ী পুরো বিমাই সাবিকের করার কথা।

২০০৬ সালের জানুয়ারিতে দুর্ঘটনার কবলে পড়ে ময়মনসিংহ পাওয়ার স্টেশনের ওই ইউনিট। সাবিক এর ক্ষয়ক্ষতি ১৬ কোটি টাকা নির্ধারণ করে ক্ষয়ক্ষতি বহনের জন্য ২০০৮ সালের নভেম্বরে অন্য বিমা কোম্পানিগুলোকে জানিয়ে দেয়। সবাই দাবির অঙ্ক পরিশোধ করলেও অস্বীকৃতি জানায় বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স ও প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি।

পাঁচ বছর ধরে বিমার অর্থ না পেয়ে গত মে মাসে আরপিসিএল শরণাপন্ন হয় আইডিআরএর। সেপ্টেম্বরে সব পক্ষকে শুনানিতে ডাকে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রভাতী ইনস্যুরেন্সের কাছে আরপিসিএলের দাবি ছিল এক কোটি ১২ লাখ টাকা। শুনানি শেষে পাঁচ বছরের সুদসহ আইডিআরএ প্রভাতী ইনস্যুরেন্সকে পরিশোধ করতে বলেছে এক কোটি ৯৬ লাখ টাকা। আর বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স কোম্পানির কাছে আরপিসিএলের দাবি ছিল ৩২ লাখ টাকা। আইডিআরএ সুদসহ কোম্পানিটিকে পরিশোধ করতে বলেছে ৫২ লাখ ৫৫ হাজার টাকা।

বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স পাঁচ বছর আগেই সাবিক থেকে পুনঃ বিমার ৩২ লাখ টাকা তুলে নিয়ে গেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত আরপিসিএলের দাবি আর পরিশোধ করেনি। শেষ পর্যন্ত অবশ্য এক বছরের মধ্যে চার কিস্তিতে সব টাকা পরিশোধ করবে বলে আইডিআরএর কাছে আবেদন করলে সংস্থাটি তাতে অনুমোদন দেয়।

এদিকে প্রভাতী ইনস্যুরেন্সকে টাকা পরিশোধে আইডিআরএ সময় দেয় এক সপ্তাহ। এক সপ্তাহ পার হয়েছে আরও এক মাস আগে। কিন্তু আরপিসিএল টাকা পায়নি।

আবার বিমার দাবির টাকা পেতে চাইলেও আইডিআরএর কাছে আবেদনে কোনো সুদ দাবি না করায় বিমা কোম্পানির সঙ্গে আরপিসিএলের একশ্রেণীর কর্মকর্তার যোগসাজশের অভিযোগ উঠেছে।

শুনানিতে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ সুদ দাবি না করার কারণ জানতে চাইলে আরপিসিএলের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও প্রলয়কুমার সাহা কোনো জবাব দিতে পারেননি বলে জানা গেছে।

আইডিআরএ সূত্র জানায়, একসময় পলিসির টাকার ৬০ থেকে ৭০ শতাংশ কমিশন দিত বিমা কোম্পানি। এ কমিশন মূলত ভাগাভাগি হতো। আরপিসিএলের বিমা পলিসির ৪০ শতাংশ সাবিকের কর্মকর্তারা যোগসাজশ করে ১৬টি বেসরকারি বিমা কোম্পানিতে দিয়েছিল।

এদিকে প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানির এমডি আতাউর রহমান মজুমদার আইডিআরএকে জানান, সাবিক থেকে পুনঃ বিমার টাকা পেতে দেরি হওয়ায় তাঁরা গ্রাহকের দাবি পরিশোধ করতে পারছেন না। কিন্তু সাবিকের এমডি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘প্রভাতী ইনস্যুরেন্সের সঙ্গে সাবিকের পুনঃ বিমা চুক্তি বাতিল হয়ে গিয়েছিল। এমনকি কোনো প্রিমিয়ামও দেয়নি তারা। তাই তাদের দাবি আমলে নেওয়ার কোনো সুযোগ নেই।’

এদিকে কোম্পানি দুটির ওপর সুদ আরোপ করা নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা।

যোগাযোগ করলে আইডিআরের চেয়ারম্যান শেফাক আহমেদ প্রথম আলোর কাছে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি বলেন, বিমা আইন ২০১০-এর ৭২ ধারায় বিলম্বে দাবি পরিশোধের ক্ষেত্রে বিলম্ব ফিসহ দাবি পরিশোধের নির্দেশনা রয়েছে। এমনকি সুদের হারও নির্ধারণ করে দেওয়া রয়েছে।

যদিও চেয়ারম্যানের এই মনোভাবের সঙ্গে একমত নন আইডিআরএর সদস্যরা। এ বিষয়ে সদস্য নবগোপাল বণিকের মতামত হলো—বিমা দাবি পরিশোধে সব কোম্পানিরই গাফিলতি ছিল। তাই সুদ আরোপ করা ঠিক হবে না। অপর দুই সদস্য ফজলুল করিম ও নূরুল ইসলাম মোল্লাও মনে করেন যে কোম্পানি দুটির ওপর কোনো সুদ আরোপ করা ঠিক হবে না।