এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের বিমা খাতের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন
বিমা পণ্যে বৈচিত্র্য আনতে সরকারের ভূমিকা জরুরি
প্রথম আলো: দেশের বিমা খাত কেমন চলছে? শেখ কবির: বিমা খাত দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। মূল্য সংযোজন করের (মূসক) মাধ্যমে সরকারি কোষাগারে বিমা খাতের অবদানের উল্লম্ফন দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। অতীতে এই খাতের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণই ছিল না। বর্তমান সরকারই এর ওপর সুনজর দিয়েছে। যুগোপযোগী বিমা আইন, ২০১০ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংসদে পাস করেছে।প্রথম আলো: আইন যুগোপযোগী করার কী প্রভাব পড়ল বিমা খাতে?শেখ কবির: অনেক প্রভাব পড়েছে। নতুন আইনের বলেই গঠিত হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির প্রধান ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো বিমার ওপর বিশ্বখ্যাত ডিগ্রিধারী (অ্যাকচুয়ারি) একজনকে নিয়োগ দেয় সরকার। আর এর মাধ্যমেই বিমা খাত প্রথমবারের মতো সত্যিকারের একজন অভিভাবক পায়। আইডিআরএ এখন সংস্কারমূলক অনেক কাজ করছে। এতে বিমা খাতের আয় বাড়ছে, কমছে অনিয়ম। একশ্রেণীর সাধারণ বিমা কোম্পানির মধ্যে বাকিতে ব্যবসা বা উচ্চ কমিশন নেওয়ার প্রবণতা ছিল। জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যেও ছিল শৃঙ্খলার ঘাটতি। আইডিআরএর পদক্ষেপে এগুলো দূর হচ্ছে। তবে দুঃখজনক হলো, আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধিবিধান এখনো তৈরি হয়নি। বিধিবিধান তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে আইডিআরএ। আর অর্থ মন্ত্রণালয় তা পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠাচ্ছে আইন মন্ত্রণালয়ে। এর মধ্যেই আটকে রয়েছে।প্রথম আলো: বিমা খাতের সুশাসনের জন্য বিআইএ কি যথাযথ ভূমিকা পালন করছে?শেখ কবির: বিমা খাতে সুশাসনের অভাব রয়েছে স্বীকার করি। বিআইএ সুশাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাহী কমিটির সভাগুলোতে সদস্যদের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। আইনবহির্ভূত কিছু হয়ে থাকলে কোম্পানিগুলোকে সতর্ক করা হয়। তিরস্কারও করা হয় কখনো কখনো। সুশাসনের জন্য বিমা খাতে দক্ষ জনবল দরকার। এ জন্য বিমা একাডেমিকে শক্তিশালী করতে হবে, আইডিআরএর অধীনে ন্যস্ত করতে হবে। প্রথম আলো: জনগণের প্রতি দায় ও বিমা খাতের আয়—এ দুইয়ের সমন্বয় কীভাবে হতে পারে?শেখ কবির: এ দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত। জনগণের প্রতি দায় ও নিষ্ঠা থাকলে স্বাভাবিক কারণেই আয় বাড়ে। অন্যদিকে, আয় বাড়লেও দায় পরিপালন সহজ হয়। জনগণের প্রতি বিমা কোম্পানিগুলোর দায় এমনিতেই আছে এবং দিনে দিনে তা বাড়ছে। যেমন: আগে বিমা দাবি পরিশোধ না হওয়ার অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগ এখনো আছে, তবে আগের তুলনায় খুবই কম।প্রথম আলো: বিমা পণ্যের বৈচিত্র্য নেই কেন?শেখ কবির: এ জন্য কোম্পানিগুলোকে নতুন নতুন বিমা পণ্যের বিষয়ে কিছুটা ঝুঁকি নিয়ে হলেও বাজারে আসতে হবে। পাশাপাশি সরকারি ভূমিকাও দরকার। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বৃহৎ ভৌত অবকাঠামো বিমা পলিসির অধীনে আছে কি না, আমি জানি না। এগুলো যদি বিমা পলিসির অধীনে থাকে, তবে সরকারেরই ঝুঁকি কমে। সম্প্রতি আমেরিকায় প্রাকৃতিক দুর্যোগে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির সিংহভাগ বহন করেছে বিমা কোম্পানিগুলো। স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক করা গেলে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় কমে যাবে। অতীতে এ দেশে শস্যবিমা চালু করা হলেও সফল হয়নি। এ ব্যাপারে দাতা গোষ্ঠীর সহযোগিতা থাকলে সফল হওয়া সম্ভব। বিদেশে চাকরি নিয়ে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকেরা বিমা পলিসির অধীনে নেই। ফলে সেখানে দুর্ঘটনায় মৃত্যু, অঙ্গহানি, কর্মক্ষমতা হারানো, যুদ্ধ বা প্রাকৃিতক দুর্যোগের কারণে প্রবাসীরা ঝুঁকির মধ্যে থাকেন। তাঁদেরও বাধ্যতামূলক বিমার আওতায় আনা যায়। এ জন্য দরকার শুধু একটি সরকারি আদেশের। [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম ]