বিমা শিল্পে নৈতিকতার অভাব রয়েছে: অর্থমন্ত্রী

বিমা শিল্পে নৈতিকতার বেশ অভাব রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠায় বিমা শিল্পে খারাপ অবস্থা তৈরি হয়েছিল, তবে পরিস্থিতি বদলাচ্ছে। ২০১০ সালে বিমা আইন এবং বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন প্রণয়নের পর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যাত্রা শুরু করে। এরপর থেকেই বিমা খাতের দ্রুত বিকাশ ঘটছে।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, বিমা শিল্প দীর্ঘদিন অবহেলিত ছিল। তাই অর্থনীতিতে নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারেনি। সরকার ২০১০ সালে আইন করায় এই শিল্পে নতুন যাত্রা শুরু হয়। নিয়ম নীতি প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যমান বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করে দৃঢ় ভিত্তির ওপর এই শিল্পকে প্রতিষ্ঠিত করার কাজ করছে আইডিআরএ।
এম শেফাক আহমেদ বলেন, পলিসি হোল্ডারদের প্রিমিয়াম একটি আমানত। এ আমানত রক্ষার করার জন্য তিনি বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই মেলায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রতিদিন র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিমা দাবির চেক হস্তান্তরসহ নানা কর্মসূচি থাকছে।