বিমান কিনতে দেড় বিলিয়ন ডলার ঋণ চাইল এয়ার ইন্ডিয়া
দেনার দায়ে জর্জরিত ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আগামী কয়েক বছরে তাদের বিমানবহরে নতুন বিমান সংযুক্ত করার লক্ষ্যে ভারতীয় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার ঋণ-সুবিধা চেয়েছে। এই ঋণ দিয়ে এয়ার ইন্ডিয়া বিশ্বখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে নয়টি এ-৩১৯, আটটি এ-৩২১, ও চারটি এ-৩২০ মডেলের বিমান ক্রয়ের পরিকল্পনা করেছে।এই ২১টি বিমান ক্রয়ের জন্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ভারতের কেন্দ্রীয় সরকারকে গ্যারান্টার হওয়ার অনুরোধ জানিয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, এই ঋণ শোধ করার মতো আর্থিক সামর্থ্য নেই এয়ার ইন্ডিয়ার। কারণ এই ঋণ শোধ করতে প্রতিবছর কমপক্ষে তিন থেকে চার হাজার কোটি রুপির প্রয়োজন হবে। যা কোনোমতেই এয়ার ইন্ডিয়ার পক্ষে বাকি সব খরচ বাদ দিয়ে জোগাড় করা সম্ভব হবে না। এর মধ্যে এয়ার ইন্ডিয়াকে কেবল সুদ বাবদই গুনতে হবে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ কোটি রুপি।—টাইমস নিউজ নেটওয়ার্ক