সাক্ষাৎকারে ইতিহাদ এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট নিরজা ভাটিয়া
বিমান পরিবহন সেবায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাজার

শুরুটা হয়েছিল ২০০৬ সালে ঢাকা-আবুধাবি পথে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনার মাধ্যমে। যাত্রীদের ভালো সাড়া পাওয়ায় মাত্র এক মাস পরেই প্রতিদিন ঢাকা থেকে ফ্লাইট শুরু হয়। এরপর গত ১০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে ১৫ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। একই সময়ে বিমান সংস্থাটির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ নিয়ে গত ১০ বছরে এমন অভিজ্ঞতার কথাই জানান ইতিহাদ এয়ারওয়েজের ভারতীয় উপমহাদেশের ভাইস প্রেসিডেন্ট নিরজা ভাটিয়া। এ দেশে কার্যক্রম শুরুর এক দশক পূর্তির অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে গত ১০ বছরে বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের অর্জন, কর্মকাণ্ড ও পরিকল্পনার কথাও তুলে ধরেন নিরজা ভাটিয়া।
নিরজা ভাটিয়া বলেন, গত ১০ বছরে ভারতীয় উপমহাদেশে ইতিহাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে বাংলাদেশ। সবার সহযোগিতায় বাংলাদেশে সফলভাবে ব্যবসা করতে পেরেছে ইতিহাদ।
বাংলাদেশের যাত্রীদের জন্য ইতিহাদে ভ্রমণের সুবিধা তুলে ধরে নিরজা ভাটিয়া বলেন, ‘বাংলাদেশিরা ভ্রমণ করেন এমন প্রায় সব পথেই ফ্লাইট রয়েছে ইতিহাদের। তাই সব শ্রেণির যাত্রীর কাছেই আমাদের একটি গ্রহণযোগ্যতা আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সন্ধানে যাওয়া বাংলাদেশিরা যেমন ইতিহাদে ভ্রমণ করেন; একইভাবে ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটকের মতো যাত্রীরাও আমাদের বেছে নেন।’
নিজস্ব সেবা ছাড়াও সাতটি সহযোগী বিমান সংস্থার মাধ্যমেও সেবা দিচ্ছে ইতিহাদ। এগুলো হলো আলইটালিয়া, এয়ারবার্লিন, জেট এয়ারওয়েজ, এয়ার সিশেলজ, এয়ার সার্বিয়া, ইতিহাদ রিজিওনাল, নিকি। এ সাতটি সহযোগী সংস্থার কারণে যাত্রীদের সুবিধার বিষয়টি তুলে ধরে নিরজা ভাটিয়া বলেন, বাংলাদেশ থেকে একজন যাত্রী যদি সরাসরি ইতালির কোনো শহরে যেতে চান, তাহলে তিনি আবুধাবি থেকে আলইটালিয়ার যেকোনো ফ্লাইট বেছে নিতে পারেন। বিশ্বের সব বড় শহরে যেতে পারার এমন অনন্য (ইউনিক) সুবিধা বিশ্বের খুব কম বিমান সংস্থাই দিতে পারছে।
ইতিহাদ এয়ারওয়েজে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আরেকটি সুবিধার তথ্য জানান নিরজা ভাটিয়া। তিনি বলেন, ইতিহাদের যাত্রীরা ট্রানজিটকালীন আবুধাবি বিমানবন্দর থেকেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও শুল্ক বিভাগের ছাড়পত্র পেতে পারেন। এর ফলে যুক্তরাষ্ট্রে নামার পর দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলায় যাত্রীদের পড়তে হয় না।
যাত্রী পরিবহনের পাশাপাশি বাংলাদেশ থেকে পণ্য পরিবহনের জন্য সপ্তাহে তিনটি কার্গো ফ্লাইটও রয়েছে ইতিহাদের। এ প্রসঙ্গে নিরজা ভাটিয়া বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ২০১৫ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। তাই বাংলাদেশ থেকে আরব আমিরাতে কার্গো পরিবহনের বাজার ধরতেও গুরুত্ব দিচ্ছে ইতিহাদ।
২০০৩ সালে যাত্রা শুরু করা ইতিহাদ মাত্র ১৩ বছরেই অর্জন করেছে পাঁচ তারকা বিমান সংস্থার মর্যাদা। নিরজা ভাটিয়া বলেন, ইতিহাদ এমন কিছু সর্বোচ্চ মানের (প্রিমিয়াম) সেবা যাত্রীদের দিয়ে থাকে, যার কোনো তুলনা নেই। এ কারণে দ্রুত আয় ও ব্যবসা বাড়ছে বিমান সংস্থাটির।