বিমান বিধ্বস্তের প্রভাব এশিয়ার শেয়ারবাজারে

ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে। গতকাল শুক্রবার এশিয়ার বেশির ভাগ শেয়ারবাজারে দরপতন হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া এয়ারলাইনসের শেয়ারের দাম ১১ শতাংশের বেশি কমে গেছে। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ওই বিমানে থাকা ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন। গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় পড়ল মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান। এর আগে গত মার্চে মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ৩৭০ হারিয়ে যায়। আজও বিমানটির কোনো খোঁজ মেলেনি।
এদিকে ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পশ্চিমা দেশ, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
গতকাল টোকিও স্টক এক্সচেঞ্জে জাপানের নিক্কেই২২৫ সূচক এক শতাংশের বেশি পতন হয়েছে। হংকং স্টক এক্সচেঞ্জের হ্যাং সেং সূচক কমেছে দশমিক ৩০ শতাংশ। পাশাপাশি মালয়েশিয়া এয়ারলাইনসের শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ।
ইউক্রেনে মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার খবরের প্রভাব অস্ট্রেলিয়ার বাজারেও দেখা গেছে। গতকাল অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে সামান্য দরপতন হয়েছে।
মালয়েশিয়া এয়ারলাইনসের এক বিবৃতিতে জানানো হয়, এমএইচ১৭ নামে ওই উড়োজাহাজটিতে ১৫৪ জন ডাচ নাগরিক, ২৭ জন অস্ট্রেলীয়, ৪৩ জন মালয়েশিয়ান, ১২ জন ইন্দোনেশীয় ও নয়জন ব্রিটিশ নাগরিক ছিলেন। অন্যান্য যাত্রীরা জার্মানি, বেলজিয়াম, ফিলিপাইন ও কানাডার নাগরিক। যাত্রীদের মধ্যে ৪১ জন কোন দেশের, তা জানা যায়নি।
ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে যেখানে মালয়েশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছে, ওই এলাকায় বিমান চলাচলে আগেই সতর্ক করা হয়েছিল।
এ দিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি এ বিপর্যয়ের দিনটাকে ‘বেদনাদায়ক দিন’ বলে অভিহিত করেন। একই সঙ্গে মালয়েশিয়ার জন্য এ বছরটাকে ‘বেদনাদায়ক বছর’ আখ্যা দিয়েছেন তিনি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা পরিকল্পিত। তিনি এ দুর্ঘটনাকে ‘গর্হিত অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে মন্তব্য করেন।
মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়া এবং গাজায় ইসরাইলি স্থল বাহিনীর হামলা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের চিন্তায় ফেলেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনা ও ট্রেজারি বন্ডের মতো জায়গা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন তাঁরা। এসব অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও প্রভাব পড়েছে।