বিমানবন্দর-গাজীপুর পথে বাস চালুর বিশেষ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস চালুর বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার।জানা গেছে, বিষয়টি নিয়ে আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দাতাদের সঙ্গে প্রাক্ঋণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১২ মার্চ দাতাদের সঙ্গে একটি চুক্তি হতে পারে। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ সড়কে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। খবর বাসসের।সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৬ কোটি ডলার, ফরাসি দাতা সংস্থা এজেন্সি ফ্রান্স ফর ডেভেলপমেন্ট (এএফডি) সাড়ে চার কোটি ডলার এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) ৪৫ লাখ ডলারের সহায়তা দেবে। সরকারের নিজস্ব তহবিল থেকে ৪১৫ কোটি ৪২ লাখ টাকা জোগান দেওয়া হবে।প্রকল্পটিতে প্রাথমিকভাবে ৫০টি বড় বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বিআরটির প্রকল্প পরিচালক এম দলিল উদ্দিন জানান, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বর্তমানে চালু সড়কের মাঝখানে দুটি বিশেষ লেন নির্মাণ করা হবে। জয়দেবপুর চৌরাস্তা ও টঙ্গী সেতুতে দুই লেনবিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০১৬ সাল নাগাদ।