বিমানবন্দর-গাজীপুর সড়ক উন্নয়নে ২০৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক উন্নয়নে দুই হাজার ৪০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার রুটে বাস র্যাপিড ট্রানজিট লাইন (বিআরটি) স্থাপন পরিচালনা করা হবে। এর ফলে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় যানজটমুক্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব নতুন গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।বৃহত্তর ঢাকা টেকসই নগর পরিবহন প্রকল্পের আওতায় আগামী চার বছরে ২০ কিলোমিটার বিআরটি সড়ক, ৩১টি স্টেশন, একটি বিআরটি ডিপো, সাতটি ফ্লাইওভার ও টঙ্গী সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহ করা হবে। একনেকের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়লকে সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন করা হয়। প্রকল্পের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫২৬ কোটি টাকা।সভায় প্রস্তাবিত মিরপুর দারুস সালাম সড়ক থেকে কচুক্ষেত পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পটি অনুমোদন করা হয়নি। এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। গতকালের সভায় সর্বমোট তিন হাজার ২০ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৩৬৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। আর এক হাজার ৬৫১ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।সভায় অনুমোদিত অন্য প্রকল্প হলো ৪৮ কোটি টাকার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর প্রশিক্ষণার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম প্রকল্প; ২৮ কোটি টাকার ফিডার গবেষণা ও উন্নয়ন প্রকল্প; ৩০ কোটি টাকার বগুড়ার পল্লি উন্নয়ন একাডেমির অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা জোরদারকরণ প্রকল্প, ২৩৬ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য চিনকী আস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল ট্রাক নবায়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ উন্নয়ন প্রকল্প; ৭১ কোটি টাকার চাঁদপুর-শরীয়তপুর রুটে পরিচালনার জন্য একটি রো-রো ফেরি পন্টুন নির্মাণ প্রকল্প; এবং ৪১ কোটি টাকার হালুয়াঘাট-মুন্সিরহাট-ধোবাউড়া সড়ক উন্নয়ন প্রকল্প। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।