বিমানবন্দরে ব্যাংকের বুথে আমানত রাখতে পারবেন প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীরা দেশে ফেরার সময় অতিরিক্ত যে বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন, তা বিমানবন্দরে অবস্থিত ব্যাংক বুথের মাধ্যমে নিজের হিসাবে জমা রাখতে পারবেন। আগে শুধু ব্যাংক শাখার মাধ্যমে নিজের হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের বুথগুলো শুধু বৈদেশিক মুদ্রা বেচাকেনার কাজ করে। সাধারণভাবে বিমানবন্দরের বুথে বৈদেশিক মুদ্রা বিক্রি করতে গেলে বাইরের তুলনায় কম দাম পাওয়া যায়। অন্যদিকে কিনতে গেলে তুলনামূলক বেশি দাম দিতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সময় ঘোষণা ছাড়াই ৫ হাজার ডলার সঙ্গে করে আনতে পারেন। তবে নির্ধারিত ফরমে ঘোষণা দিয়ে যেকোনো পরিমাণ অর্থ আনা যায়। প্রবাসীরা বিদেশ থেকে নিয়ে আসা অর্থ বিমানবন্দরে অবস্থিত সংশ্লিষ্ট ব্যাংকের বুথের মাধ্যমে সরাসরি নিজেদের হিসাবে জমা দিতে পারবেন। ওই হিসাব টাকায় খোলা হলে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিপরীতে তুলনামূলক ভালো বিনিময় মূল্য দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।