বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন বিমান সংস্থার সেবার মান যাচাইয়ের লক্ষ্যে ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর-এর উদ্যোগে চলছে নিয়মিত আকাশ ভ্রমণকারীদের মতামত জরিপ। গত এক বছরে চারবার আকাশপথে ভ্রমণ করেছেন এমন যেকোনো ব্যক্তি অনলাইনে (www.bangladeshmonitor.net/poll2013.php়) তাঁর মতামত প্রদান করতে পারবেন। ভোট প্রদানের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট ২০১৪। এ বছর ১৫টি শ্রেণিতে পুরস্কার প্রদান করা হবে। এগুলো হচ্ছে: সেরা বিলাস (বিজনেস) ও সেরা সাশ্রয়ী (ইকোনমি) শ্রেণি, সেরা বিমানের অভ্যন্তরীণ (ইনফ্লাইট) বিনোদন, বিলাস ও সাশ্রয় শ্রেণিতে সেরা খাবার, সেরা দূরপাল্লার ও সেরা স্বল্পপাল্লার বিমান, সেরা নিয়মিত ভ্রমণ কর্মসূচি ও নিম্নব্যয়ী বিমান, সেরা পণ্যবাহী বিমান, সেরা বিমান, সেরা এয়ারএক্সপ্রেস কোম্পানি ও সেরা পর্যটন গন্তব্য। বিভিন্ন পেশাজীবী গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি কমিটি প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবে।আগামী ২৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের স্বীকৃতি প্রদান করা হবে। উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটর সাত বছর ধরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল খাতে একমাত্র মতামত জরিপ পরিচালনা করে আসছে।