বিমানের টিকিটে গ্রামীণফোনের স্টার গ্রাহক ছাড় পাবেন
বিমান বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক রুটের সব রকমের টিকিটের ভিত্তি মূল্যের ওপর শতকরা ১০ ভাগ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা। এ জন্য গ্রামীণফোনের সঙ্গে একটি চুক্তি করেছে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গ্রামীণফোনের কমার্শিয়াল ডিভিশনের প্রোডাক্ট বিভাগের পরিচালক হাসিবুল হক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ব্যবস্থাপক মো. শাহ নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন গ্রাহকেরা।
সুবিধাটি পেতে যাত্রা করার অন্তত এক দিন আগে গ্রাহককে টিকিট বুকিং দিতে হবে। গ্রাহককে তাঁর পছন্দমতো বিমানের কার্যালয় নির্বাচন করে ওই কার্যালয়ের নির্দিষ্ট কোড লিখে ৯০০০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক যদি বিমানের মতিঝিল কার্যালয় থেকে টিকিট বুকিং করতে চান, তাহলে খুদে বার্তায় ইংরেজিতে ‘এম’ লিখে পাঠাতে হবে ৯০০০ নম্বরে।
বাংলাদেশ থেকে ১৮টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। দেশের ভেতর ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে বিমানের ফ্লাইট আছে। বিজ্ঞপ্তি।