বিমানের টিকিটে ছাড় পাবে গ্রামীণফোনের স্টার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জাতীয় ও আন্তর্জাতিক রুটের সব রকমের টিকিটের ভিত্তি মূল্যের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা। এ নিয়ে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির সঙ্গে গ্রামীণফোনের একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন গ্রাহকেরা।

গ্রামীণফোনের কমার্শিয়াল ডিভিশনের প্রোডাক্ট বিভাগের পরিচালক হাসিবুল হক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ব্যবস্থাপক শাহ নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুবিধাটি পেতে যাত্রা করার অন্তত একদিন আগে গ্রাহককে টিকিট বুকিং দিতে হবে। এ ক্ষেত্রে পছন্দমতো বিমানের কার্যালয় নির্বাচন করে ওই কার্যালয়ের নির্দিষ্ট কোড লিখে ৯০০০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক যদি বিমানের মতিঝিল কার্যালয় থেকে টিকিট বুকিং করতে চান তাহলে খুদে বার্তায় ইংরেজিতে ‘এম’ লিখে পাঠাতে হবে ৯০০০ নম্বরে।

বাংলাদেশ থেকে ১৮টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে বিমানের ফ্লাইট চলাচল রয়েছে। এ সম্পর্কে আরও তথ্য জানতে www.grameenphone.com/star-program ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।