বিল অব এন্ট্রি যাচাই করতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) প্রতিষ্ঠানগুলোর স্থানীয় আমদানির বিপরীতে এখন থেকে বিল অব এন্ট্রি যাচাই করতে হবে না। ব্যাংক ও গ্রাহকদের সুবিধা দিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
অভ্যন্তরীণ বা স্থানীয় আমদানির বিপরীতে লেনদেন হওয়া বৈদেশিক মুদ্রার পুরোটাই যেহেতু দেশে থেকে যায়, সে কারণে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো প্রতিষ্ঠানের বিল অব এন্ট্রি অনিষ্পন্ন থাকলে তিনি আর এলসি খুলতে পারেন না। আর ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর দেশের ভেতর বা বাইরের সব আমদানি এলসি বৈদেশিক মুদ্রায় হয়ে থাকে। এ জন্য অভ্যন্তরীণ বা দেশের বাইরে থেকে যেকোনো পণ্য আমদানির ক্ষেত্রে গ্রাহককে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া আমদানি ম্যাচিং ফরমে (আইএমপি) ঘোষণা দিতে হয়। যেখানে গ্রাহক কী পণ্য আমদানি করছেন, পণ্যের মূল্য কত, কোথা থেকে পণ্য আনা হচ্ছে—এ ধরনের বিভিন্ন তথ্য থাকে। পণ্যটি আমদানির পর আইএমপি ফরমে দেওয়া তথ্যের সঙ্গে প্রকৃত তথ্যের যাচাই করা হয়।
এগুলো করা হয় পণ্য আমদানির আড়ালে অর্থ পাচার করতে ওভার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য বেশি দেখানো) ঠেকাতে। কিন্তু ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আমদানির বিপরীতে লেনদেন হওয়া বৈদেশিক মুদ্রার পুরোটাই দেশে থাকে। ফলে পণ্যের মূল্য বেশি দেখিয়ে অর্থ পাচারের সুযোগ এখানে নেই।
এ কারণে এখন থেকে অভ্যন্তরীণ আমদানির বিল অব এন্ট্রি যাচাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাতে অন্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণের জন্য রিপোর্ট করতে
হবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরে রপ্তানির তথ্য প্রচলিত নিয়মে রিপোর্ট করতেও বলা হয়েছে।