বিলম্ব ও পণ্যের মূল্যবৃদ্ধিতে প্রকল্প ব্যয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজে বিলম্ব হয়েছে। এরই মধ্যে আনুষঙ্গিক পণ্যের দামও বেড়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের ব্যয় আরও ৬২৬ কোটি টাকা বাড়ানো হয়েছে। এতে প্রকল্পটির মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৭ কোটি টাকা। আর মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার এই প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধির তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে প্রকল্পটির ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিয়ে বলেন, নতুন করে জমি অধিগ্রহণ করতে হয়েছে। এ জন্য সময় লেগেছে অনেক। আবার রেট শিডিউলও বেড়েছে। তিনি বলেন, অধিগ্রহণ করা জমিতে অনেকে স্থাপনা বানিয়েছে। ফলে এসব স্থাপনা সরাতেও সময় লেগেছে। অনেক স্থানে সড়ক ঘুরিয়ে নিতে হয়েছে।
সময় কেন বাড়ল—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, মানুষের আয়ু বেড়েছে, প্রকল্পের আয়ুও বেড়েছে। তিনি বলেন, যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, আগামী মে-জুন মাসে সড়কটি উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন এমন একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকালের একনেক সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ মোট ৪ হাজার ৯৬১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় উৎস থেকে দেওয়া হবে ৪ হাজার ৯৪৫ কোটি ৯ লাখ টাকা। বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব তহবিল থেকে দেবে ১৬ কোটি ৩৩ লাখ টাকা।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২২২ কোটি টাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন; ১৯৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট নির্মাণ; ২১৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ১২টি ব্যারাক নির্মাণ; ১২০ কোটি টাকায় ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ৮১ কোটি ৬৬ লাখ টাকায় কুমিল্লা সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন ও ফুটপাত উন্নয়ন ইত্যাদি।