বিলাসবহুল ব্যাংকিং সেবা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতের বিলাসবহুল ব্যাংকিং সেবাকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাই বিশেষ গ্রাহকের জন্য ব্যয়বহুল বিশেষ সেবাকেন্দ্র খোলাকে নিরুৎসাহিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে বলেছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক নতুন শাখা স্থাপন, স্থানান্তর বা স্থাপনা ভাড়া করে আড়ম্বরপূর্ণ সাজসজ্জায় উচ্চ ব্যয় নির্বাহ করছে। আবার কোনো কোনো ব্যাংক উচ্চ ব্যয় নির্বাহের মাধ্যমে বিশেষ শ্রেণির গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবায় বৈষম্য তৈরি করছে। এতে ব্যাংকের ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে ব্যাংক-ব্যবস্থাপনার ওপর আমানতকারী ও মূলধন জোগানদাতাদের আস্থা হ্রাস পেতে পারে।’
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশীয় মালিকানাধীন বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক বিশেষ গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদানের জন্য বিলাসবহুল সেবাকেন্দ্র স্থাপন করেছে। আবার কোনো কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই শাখা স্থানান্তর করছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এতে ব্যাংকিং সেবায় বৈষম্য তৈরি হচ্ছে, যাতে আমানতকারী ও মূলধন জোগানদাতাদের আস্থা হ্রাস পেতে পারে। তাই শাখা স্থাপন, স্থানান্তর ও আড়ম্বরপূর্ণ সাজসজ্জায় বিধিবিধান যথাযথভাবে পালনের বিষয়টি ব্যাংকের প্রধান নির্বাহীদের স্মরণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ-সংক্রান্ত এক চিঠি পাঠানো হয়েছে।
একাধিক বেসরকারি ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ লাখ টাকার বেশি অর্থ হিসাবে থাকলে তাদের ‘বিশেষ গ্রাহক’ হিসেবে মর্যাদা দিচ্ছে কয়েকটি ব্যাংক। তাদের জন্য ব্যাংকের শাখায় জিমনেসিয়াম, পারলার সুবিধাসহ বিমানবন্দরে লাউঞ্জে বিশেষ সেবা দেওয়া হচ্ছে। এসব সেবা দিতে ব্যাংকগুলো একরকম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।