বিলিং সিস্টেম ছাড়া গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর জন্য যন্ত্রপাতি আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সম্প্রতি কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)—এসব প্রতিষ্ঠানের প্রতিটিকে সিডিআর এনালাইজারসহ (কল ডিটেইলস রেকর্ডার) যন্ত্রপাতি আমদানি করতে হবে।এ ছাড়া নতুন ও পুরোনো সব ধরনের আইসিএক্স ও আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোকে ৯০ শতাংশ কল সমভাগে ভাগ করে নিতে হবে। বাকি ১০ শতাংশ কল তারা নিজেদের ইচ্ছেমতো প্রতিষ্ঠানের কাছে দিতে পারবে। এ নিয়ে চলতি সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠক হওয়ার কথা রয়েছে।নতুন ও পুরোনো গেটওয়ে লাইসেন্সধারীদের সঙ্গে বিটিআরসির কয়েক দফা বৈঠক হলেও রেভিনিউ শেয়ারিং বা রাজস্ব ভাগাভাগি ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এসবের জন্য আরও আলোচনা প্রয়োজন বলে জানালেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ।জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, এমনিতেই অনেক বেশি গেটওয়ে লাইসেন্স দেওয়া হয়েছে। এখন বাজার ভারসাম্য যতটুকু সম্ভব বজায় রাখতে প্রতিটি নির্দেশনা যথেষ্ট হিসাব করেই দেওয়া হয়েছে। অবৈধ কল প্রতিরোধ ও কল রেকর্ড যাচাই করার জন্যই এসব নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান তিনি।পাঁচ হাজার কল মাত্র: নাম না প্রকাশের শর্তে বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলো একসঙ্গে পাঁচ হাজারের বেশি কল আদান-প্রদান করতে পারবে না। উল্লেখ্য, পুরোনো চারটি আইজিডব্লিউ (বিটিসিএলসহ) একসঙ্গে ২০ হাজার কল আদান-প্রদান করতে পারত।এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেন, নতুন আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করলে অপারেটরদের সবাইকে সমান হারে ট্রাফিক ডিস্ট্রিবিউশন (কল ভাগাভাগি) করতে হবে। তাই একেকজন পাঁচ হাজারের বেশি কল নিতে পারবে না। সেই অনুযায়ী তাদের যন্ত্রপাতি আমদানি করতে হবে।বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক লিমিটেড আইজিডব্লিউ সেবা দেয়।৪০০ ই-১ মাত্র: নতুন আইসিএক্স প্রতিষ্ঠানগুলো একসঙ্গে মাত্র ৪০০ ই-১-এ কল আন্তসংযোগ করতে পারবে।উল্লেখ্য, একটি ই-১-এর মাধ্যমে ৩০টি কল আন্তসংযোগ করা যায়। পুরোনো আইসিএক্সগুলো একসঙ্গে এক হাজার ২০০ ই-১ পর্যন্ত অর্থাৎ একসঙ্গে ৩৬ হাজার কল আন্তসংযোগ করতে পারত। আইসিএক্সের মাধ্যমে বিভিন্ন ভয়েস অপারেটর, মোবাইল ফোন অপারেটর ও ফিক্সড অপারেটরদের মধ্যে আন্তসংযোগ করা হয়। বর্তমানে সবগুলো ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সে—বিটিসিএল, গেটকো টেলিকম ও এমঅ্যান্ডএইচ টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছে।