বিলুপ্ত ছিটমহলের জন্য ব্র্যাক-স্ট্যানচার্টের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের সহায়তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লালমনিরহাটের অধুনা বিলুপ্ত ছিটমহল ও চট্টগ্রামের জন্য দুটি আলাদা সামাজিক দায়িত্বশীলতা বা সিএসআর প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি প্রকল্পের আওতায় চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের তরুণ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক প্রশিক্ষণ এবং অন্য প্রকল্পে বিলুপ্ত ছিটমহলবাসীর সার্বিক জীবনমান উন্নয়নে সহায়তা দেওয়া হবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্প দুটি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ. আনোয়ার ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপী দাশ চৌধুরী এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মূসা ও শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবরার এ. আনোয়ার বলেন, ‘ব্র্যাকের সঙ্গে যৌথভাবে দুটি প্রকল্প চালু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্যাংকিং কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার বাইরেও আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সামাজিক জীবনযাপনের উন্নয়নেও ইতিবাচক দৃষ্টি রাখতে চাই।
মুহাম্মদ মূসা বলেন, ‘ভিন্ন ভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সমাজে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের জন্য ব্র্যাক কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, প্রকল্প দুটি বাস্তবায়নে আর্থিক প্রশিক্ষণ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এতে আমাদের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে, যা তাদের ক্ষমতায়ন নিশ্চিত করবে।’ বিজ্ঞপ্তি।