বিলেট আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে প্রতি টন বিলেট আমদানির শুল্ক তিন হাজার ৫০০ টাকা। তবে এ পর্যায়ে কোনো ধরনের মূসক (মূল্য সংযোজন কর) না থাকায় দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনটা দাবি করে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় স্টিল ও রি-রোলিং মিলের মালিকেরা বিলেট আমদানিতে শুল্ক বাড়িয়ে টনপ্রতি সাড়ে পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতি, স্টিল মিল মালিক সমিতি, রি-রোলিং মিলস সমিতির নেতারা গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, অটো রি-রোলিং সমিতির চেয়ারম্যান শেখ মাসাদুল আলম, স্টিল মিল মালিক সমিতির চেয়ারম্যান শেখ ফজলুর রহমান, রি-রোলিং মিলস সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
ব্যবসায়ী নেতারা দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় তাঁরা স্ক্র্যাপ ও স্পঞ্জ আয়রন আমদানির ক্ষেত্রে টনপ্রতি নির্ধারিত অগ্রিম আয়কর ৮০০ টাকা এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঁচামালের ওপর ৪ শতাংশ উৎসে মূসক দেওয়ার বিধানটি বাতিলের জন্য শিল্পমন্ত্রীর নিকট দাবি করেন। নেতারা জানান, দেশেই এখন আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় রি-রোলিং কারখানা রয়েছে। এসব কারখানায় বিশ্বমানের বিলেট তৈরি হচ্ছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, অটো রি-রোলিং শিল্পসহ সব ধরনের দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সরকার সাধ্যমতো নীতি সহায়তা দেবে। তিনি বলেন, স্টিল ও রডের গুণগত মানের ওপর নির্মাণকাজের স্থায়িত্ব নির্ভর করে। রড উৎপাদনে গুণগত মানের ঘাটতি থাকলে তা জানমালের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে বলে তিনি সতর্ক করেন।