বিলেতে বিনিয়োগ ও খুচরা ব্যাংকিং আলাদা করতে মিলিব্যান্ডের হুমকি
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা অ্যাডওয়ার্ড মিলিব্যান্ড বলেছেন, ব্যাংকগুলো নিজেরাই যদি খুচরা ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং পৃথক না করে, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে লেবার পার্টি আইন করে ব্যাংক খাতে এ সংস্কার আনবে।ম্যানচেস্টারে ‘ব্রিটেন পুনর্নির্মাণ’ (রিবিল্ডিং ব্রিটেন) স্লোগান নিয়ে অনুষ্ঠিত লেবার পার্টির সম্মেলনে বক্তৃতায় মিলিব্যান্ড গতকাল এ কথা বলেন। অর্থনৈতিক মন্দা নিয়ে করা ভিকার্স প্রতিবেদনে খুচরা ও বিনিয়োগ ব্যাংকিং আলাদা করার সুপারিশ করা হয়েছে।উল্লেখ্য, খুচরা (রিটেইল) ব্যাংকিং বলতে সাধারণভাবে ব্যক্তিশ্রেণীর গ্রাহকদের জন্য নিয়মিত ব্যাংকিং সুবিধাকে বোঝানো হয়। এতে আমানত গ্রহণ, অর্থ স্থানান্তর, বন্ধকি ঋণ, ডেবিট-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা অন্তর্ভুক্ত। অন্যদিকে বিনিয়োগ ব্যাংকিং বলতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক বাজারে বিনিয়োগের জন্য অর্থায়ন করা, পরামর্শ প্রদানসহ বিনিয়োগবিষয়ক বিভিন্ন সেবা কর্মকে বোঝানো হয়। বিনিয়োগ ব্যাংকিং অধিকতর ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়।যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন জোট সরকার ২০১৯ সালের মধ্যে উল্লিখিত তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছে। যুক্তরাজ্য সরকারের আর্থিক নীতি ও অর্থনৈতিক কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নকারী বিভাগ ট্রেজারি অবশ্য এর আগেই বলেছে, দেশের ব্যাংকিংব্যবস্থার ‘আমুল সংস্কারের’ পদক্ষেপ নেওয়া হচ্ছে।সম্মেলনে মিলিব্যান্ড বলেন, ‘খুচরা ব্যাংকিংয়ে ক্যাসিনো ব্যাংকিংয়ের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। খুচরা ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং সত্যিকারভাবে আলাদা হোক—এটাই আমাদের চাওয়া। ব্যাংকগুলো নিজেরা এটা না করলে, আমরা আইন করে তা বাস্তবায়ন করব।’ লেবার পার্টির এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ব্যাংকিংব্যবস্থায় সংস্কার জরুরি হয়ে পড়েছে। ব্রিটিশ ব্যবসায় বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা, সঞ্চয়কারীদের নিরাপত্তা দেওয়া, প্রবৃদ্ধি বাড়াতে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা ও কর্মসংস্থান সৃষ্টি করতেই এটা প্রয়োজন।’ বিবৃতিতে বলা হয়, এর মানে হলো, হাই স্ট্রিট ব্যাংক ও ক্যাসিনো ব্যাংক অবশ্যই আলাদা করতে হবে। সূত্র: বিবিসি