ব্যবসায়ীদের গড়ে তোলা গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে বিল্ডের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ ও সাবেক সভাপতি এম এইচ রহমান ও বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম এই চার বছরে সংস্থাটির নানা কার্যক্রমের একটি চিত্র তুলে ধরেন। দেশের ব্যবসা-বাণিজ্যের সাম্প্রতিক চিত্র এবং এ ক্ষেত্রে বিল্ড কতটুকু ভূমিকা রেখেছে তাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিল্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং অংশীদারেরা উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বার, মেট্রো চেম্বার এবং চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে ২০১১ সালের ১৭ অক্টোবর যাত্রা শুরু করে বিল্ড। এরপর থেকেই দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প খাতের সমস্যা ও এর সমাধান নিয়ে গবেষণা করে আসছে সংস্থাটি।