বিল্ডের বৈঠকে নীতিগত কিছু সংস্কারের সুপারিশ
ব্যবসায়ীদের উদ্যোগে গড়ে তোলা গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) বাণিজ্য ও বিনিয়োগ কর্মদলের বৈঠক গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামী আমদানি ও রপ্তানিনীতির কিছু বিষয়সহ বেশ কিছু নীতিনির্ধারণী বিষয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এমসিসিআই ভবনের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এমসিসিআইয়ের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, বিল্ডের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
বৈঠকে জিএসপি সনদ সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়করণের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়ন, দেশের উৎপাদনমুখী খাতের জন্য সহায়ক আমদানিনীতি তৈরির মতো কিছু বিষয়ে সংস্কারের সুপারিশ করেছে বিল্ড।
ডিসিসিআই, এমসিসিআই ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সংস্থা হলো বিল্ড। ২০১১ সালে এটি গঠন করা হয়।