
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর চ্যালেঞ্জের মুখে পড়ে যায় দেশের তৈরি পোশাকশিল্প। তারপর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে দেশি-বিদেশি উদ্যোগে শুরু হয় সংস্কারকাজ। শিল্পটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যাশা করছেন, সংস্কারকাজ শেষ হলেই রপ্তানি আয়ের সবচেয়ে বড় এই খাতের ‘নতুন সূচনা’ হবে।
আর এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে আগাম প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ইন্টারটেক’। ঢাকার তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটি স্থাপন করছে এক লাখ বর্গফুটের আধুনিক পরীক্ষাগার ও কার্যালয়। এর অর্ধেকের বেশি জায়গাজুড়ে শুধুই পরীক্ষাগার। আয়তনের দিক দিয়ে যা একটি ফুটবল খেলার মাঠের সমান।
প্রতিষ্ঠানটির দাবি, এটি হবে এশিয়ার বড় পরীক্ষাগার। এখানে বাংলাদেশের কারখানায় উৎপাদিত পোশাক বা কাপড়ের সুতা, রং, কার্যকারিতা, শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান আছে কি না—ইত্যাদির মান পরীক্ষা করা হবে। এ ছাড়া পাদুকা ও পানির সব ধরনের মান পরীক্ষা করা সম্ভব হবে এই পরীক্ষাগারে। মূলত বাংলাদেশ থেকে পণ্য নেয়, এমন বিদেশি ক্রেতা ও বড় ব্র্যান্ডের হয়ে পরিদর্শন ও মান পরীক্ষা করে থাকে ইন্টারটেক। তবে দেশীয় ব্র্যান্ডগুলোর মান পরীক্ষা করার সুযোগও রয়েছে এখানে৷
এ ছাড়া খাদ্যপণ্য থেকে শুরু করে সিরামিক, মোবাইল, ইলেকট্রনিকস, জুয়েলাির, খেলনা, বই, হস্তশিল্পসহ প্রায় সব পণ্যই পরীক্ষা ও পরিদর্শন করে সনদ দেয় প্রতিষ্ঠানটি৷ এসব পণ্য পরীক্ষার সুবিধা আপাতত থাকছে না নতুন পরীক্ষাগারে৷ তবে কেউ এই সেবা চাইলে ভারতসহ পার্শ্ববর্তী দেশে নিজেদের পরীক্ষাগার থেকে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেবে ইন্টারটেক৷
অবশ্য বাংলাদেশে ইন্টারটেকের এই পণ্য পরীক্ষা, পরিদর্শন ও সনদ দেওয়ার কাজটি নতুন নয়। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটি এ দেশে ব্যবসা শুরু করে ২০০০ সালে৷ তখন মূলত আমদানিকৃত পণ্যের প্রাক জাহাজীকরণ পরিদর্শনের (পিএসআই) কাজটি করত ইন্টারটেক। এর কিছুদিন পরেই রাজধানীর কারওয়ান বাজারে ছোট আকারে পরীক্ষাগার স্থাপন করে পোশাক পরীক্ষা শুরু করে৷
ঢাকায় ইন্টারটেকের প্রধান কার্যালয় ছাড়াও চট্টগ্রাম ও খুলনায় চারটি উপকার্যালয় আছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা পাঁচ শতাধিক৷ আর এখানকার টেকনিশিয়ান থেকে শুরু করে সব পর্যায়েই কাজ করেন বাংলাদেশী। বিশ্বের ১০০টি দেশে হাজার খানেক পরীক্ষাগার ও কার্যালয় আছে তাদের। আর এতে কাজ করেন ৩৬ হাজার লোক।
ইন্টারটেক লন্ডন স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। গত বছর ২১৮ কোটি পাউন্ড মুনাফা করেছে প্রতিষ্ঠানটি, দেশীয় মুদ্রায় যা ২৯ হাজার ৪৩০ কোটি টাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড টেসকো, ইউনিলিভার, শেভরন, ক্যানন, এরিকসন, নাইকন, স্যামসাং, তোশিবা ইন্টারটেকের নিয়মিত গ্রাহক৷ এসব ব্র্যান্ডের পণ্য পরীক্ষা, পরিদর্শন ও সনদ দেয় তারা।
বাংলাদেশে বড় আকারে পরীক্ষাগার করার বিষয়ে ইন্টারটেক বাংলাদেশের পরিচালক কার্তিকায়ন এন ডি বলেন, ‘বড় ধাক্কার পর চ্যালেঞ্জিং অবস্থার সৃষ্টি হয়৷ তারপরই মূলত বিরাট সুযোগ আসে। আমরা আশা করছি, অন্ধকারের পর আলো আসবে। শিগগিরই বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি আদেশ বাড়বে। সে জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি৷ যাতে করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সুযোগ না হারাই।’
কার্তিকায়ন আরও জানান, নতুন পরীক্ষাগারে প্রতিদিন এক হাজারটি প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষায় বর্তমানের চেয়ে ২০-২৫ শতাংশ সময় কম লাগবে। কর্মসংস্থানও বাড়বে৷ বর্তমানে বাংলাদেশে আসা প্রায় ৩০ শতাংশ বিদেিশ ক্রেতার হয়ে পরীক্ষা ও পরিদর্শনের কাজ করে প্রতিষ্ঠানটি। কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়েও পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে ইন্টারটেক৷
গত সপ্তাহে তেজগাঁওয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষাগার নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ভারী ভারী নতুন যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। পুরোনো পরীক্ষাগারের যন্ত্রপাতিও নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বুধবার (২৫ জুন) এটি উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জানতে চাইলে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘ইন্টারটেকের উদ্যোগটি খুবই ভালো। কারণ, বাংলাদেশে শুকনো কাপড়ের পরীক্ষা করানো গেলেও ভেজা কাপড়ের কিছু পরীক্ষা হংকং থেকে করাতে হয়৷ এতে অর্থের সঙ্গে সময়ও অপচয় হয়। আমি জানতে পেরেছি, ইন্টারটেকের নতুন পরীক্ষাগারে এসব পরীক্ষা করানো হবে।’
আজিম আরও বলেন, চলতি বছরের মধ্যে ক্রেতাদের জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং জাতীয় কর্মপরিকল্পনার অধীনে কারখানা পরিদর্শন শেষ হবে। আর পরিদর্শনে এখন পর্যন্ত ২ শতাংশেরও কম কারখানায় সমস্যা পাওয়া গেছে। ফলে এই হার বিদ্যমান থাকলে এবং পরিদর্শন শেষ হলে ভালো কারখানাগুলোর একধরনের স্বীকৃতি মিলবে। তখন নিঃসন্দেহে ব্যবসা অনেক বেড়ে যাবে।
ইন্টারটেক ছাড়াও বাংলাদেশে পণ্য পরীক্ষা, পরিদর্শন ও সনদ দেওয়ার কাজ করে আসছে বিদেশি প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাস৷ ১৮২৮ সালে প্রতিষ্ঠিত ফ্রান্সের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বাংলাদেশে আসে ২০০০ সালে। বিশ্বের ১৪০ দেশে ব্যুরো ভেরিটাসের এক হাজার ৩৩০ কার্যালয় থেকে সেবা দেওয়া হয়। তাদের ঢাকা ও চট্টগ্রামের দুটি পরীক্ষাগার আছে। ঢাকায় তাদের ২৮ হাজার বর্গফুটের একটি পরীক্ষাগার আছে। সব মিলিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা হাজার খানেক।
এ ছাড়া বাংলাদেশে পণ্য পরীক্ষা, পরিদর্শন ও সনদ দেওয়ার কাজ দীর্ঘদিন ধরে করছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ‘এসজিএস’। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এসজিএস শুরুতে কেবল ইউরোপে কৃষিপণ্য পরিদর্শনের কাজটি করত৷ ১৯৫৫ সালে প্রতিষ্ঠানটি শিল্পের যন্ত্রপাতি ও পণ্য পরীক্ষা শুরু করে৷ ১৯৮৫ সালে এটি সুইস এক্সচেঞ্জে নিবন্ধিত হয়৷ বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এক হাজার ৬৫০ কার্যালয়ের মাধ্যমে সেবা দিচ্ছে এসজিএস৷
জানতে চাইলে ব্যুরো ভেরিটাস বাংলাদেশের প্রধান নির্বাহী মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘পোশাকশিল্পের বর্তমানের চ্যালেঞ্জিং সময় পার করতে দেড় থেকে দুই বছর লাগবে। তখন অবশ্যই বড় সুযোগ আসবে। বিষয়টি আমাদের বিশেষ বিবেচনায় আছে৷ সে জন্যই সক্ষমতা বাড়াতে আমরা বিনিয়োগ শুরু করেছি।’ তবে কত বড় পরীক্ষাগার করবে ব্যুরো ভেরিটাস কিংবা কত টাকার বিনিয়োগ, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি৷