বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়া হচ্ছে সিলেটে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, ‘সিলেটে স্পেশাল ইকোনমিক জোন (বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড) প্রতিষ্ঠার বিষয়টি তাঁর মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রবাসীদের দেশে বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করতেই এই অঞ্চল গড়া হচ্ছে।’ গত রোববার রাতে সিলেট চেম্বার মিলনায়তনে বিভাগের চার জেলার চেম্বার নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত ব্যবসা-বাণিজ্য উন্নয়ন-সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় জি এম কাদের এসব কথা বলেন।সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহের সভাপতিত্বে সেমিনারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আকমল মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক হাসিন আহমদ আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমুল্য ভূষণ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান বক্তব্য দেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতেও সিলেটের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের নির্মিত শৈল্পিক বাড়িগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা যেতে পারে।’সেমিনারে সিলেট ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের চেম্বার নেতারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী অবশ্য বলেন, ‘এসইজেড স্থাপনের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তের মধ্যে নেই বলে বিলম্বিত হচ্ছে। তবে তা অবশ্যই হবে।’