বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পার্ল নদী। এর সঙ্গে চীনের আরও কয়েকটি নদী মিলিত হয়ে গড়ে উঠেছে পার্ল নদী অববাহিকা। এই অববাহিকার এক তীরে মৎস্যজীবীদের গ্রাম শেনজেন। ৫০০ বছরের বেশি সময় ধরে যে গ্রামের জীবন-জীবিকা ছিল মৎস্য চাষ ও ব্যবসানির্ভর, সেই গ্রামই যে একসময় পুঁজিবাদী বিকাশের একটি বড় মডেল হবে, এমনটি কেউ চিন্তা করেনি।কিন্তু খোলাবাজার নীতি অনুসরণ শুরুর পর আশির দশকের শুরুতে এই গ্রাম ও আশপাশের এলাকা নিয়ে শেনজেনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়। কিছুটা পাহাড়ি, কিছুটা কৃষিজমি আর পতিত জমিতে ১৯৮০ সালে গড়ে ওঠে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)। একসময়ের ব্রিটিশ উপনিবেশ অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা হংকংয়ের কাছাকাছি ভৌগোলিক অবস্থানে থাকায় দূরদর্শী দেং জিয়াও পেং শেনজেনকে বেছে নেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য। হংকংয়ের উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কর অবকাশ থেকে শুরু করে শ্রম আইনের কড়াকড়ি—সবকিছুতে ছাড় দেওয়া হয়। শুরুতে তেমন একটা সাড়া মেলেনি। তবে নব্বইয়ের দশকে দৃশ্যপট পাল্টে যায়। বন্যার পানির মতো বিদেশি বিনিয়োগ আসতে থাকতে শেনজেন এলাকায়। এর ফলে এখন পৃথিবীর অন্যতম বৃহৎ শিল্প শহরে পরিণত হয়েছে শেনজেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল: শুধু শেনজেন নয়, চীনসহ সারা দুনিয়াতেই এখন গড়ে উঠেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)। এসইজেড হলো কোনো দেশের ভেতর বিশেষ ভৌগোলিক অবস্থানে শিল্প-কারখানা ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে গড়ে তোলা একটি অঞ্চল। এখানে ব্যবসা-বিনিয়োগ করার জন্য প্রচলিত নিয়মকানুনের বাইরেও শুল্ক ও শ্রম আইনে বেশ কিছু ছাড় দেওয়া হয়।বিশ্বব্যাংকের হিসাবে পৃথিবীর প্রায় ১২০টি দেশে বর্তমানে তিন হাজার এসইজেড আছে। কিন্তু অনেক দেশই চীনের মতো সফল হতে পারেনি। কোনো দেশে তৈরি হয়েছে সামাজিক বিরোধ। কোথাও রাজনৈতিক সংকট। আবার কোথাও চরম সামাজিক বৈষম্য। চীনে সাফল্যের পেছনে অর্থনীতিবিদেরা যুক্তি হিসেবে বলছেন, এই সমৃদ্ধির রূপরেখাটি তৈরি করেছে একটি শক্তিশালী সরকার, যা বাস্তবায়িত হয়েছে পরিকল্পিতভাবে।ভারতের অবস্থা: আমাদের প্রতিবেশী ভারত ১৯৯০ সাল থেকে খোলাবাজারের অর্থনীতি অনুসরণ করলেও এসইজেড গড়ার কাজে হাত দিয়েছে সাম্প্রতিককালে। ২০০০ সালে দেশটির সরকার এ সংক্রান্ত নীতি ঘোষণা করে। আর ২০০৫ সালে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য আইন পাস করে। এখন পর্যন্ত প্রায় ৫০০টি এসইজেড গড়ে তোলার প্রস্তাব থাকলেও বাস্তবায়িত হয়েছে ২২০টি।সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে পার্থক্য না থাকলেও এসইজেডগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন ও ভারতের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। চীনে সরকারি মালিকানায় গড়ে তোলা হয়েছে বড় বড় এসইজেড, যার বেশির ভাগই পতিত জমিতে, যেখানে খুব একটা চাষাবাদ হয় না। আর ভারতে বেশির ভাগ এসইজেড বেসরকারি মালিকানায়, আয়তনে মাঝারি ও ছোট। অঞ্চলগুলো গড়তে কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে ব্যাপকভাবে। কিন্তু কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়ে ব্যক্তি খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছে শিল্প করার জন্য জমি তুলে দেওয়ার এই নীতি খুব একটা সফল হচ্ছে না ভারতে। পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম ও সিঙ্গুরে শেষ পর্যন্ত জমি অধিগ্রহণ করতে না পেরে পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে পশ্চিমবঙ্গের বামপন্থী রাজ্য সরকারকে। এ ঘটনায় প্রাণহানিও ঘটেছে অনেক মানুষের। জমির লড়াই শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টের ছাত্র সেমিল শাহ চীনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে দক্ষিণ এশিয়ার এসইজেডগুলোর সাফল্য ও ব্যর্থতা নিয়ে কাজ করেছেন। তিনি ভারতে গড়ে ওঠা এসইজেডগুলোর সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি পেয়েছেন। ছোট আয়তনের বেসরকারি খাতে গড়ে ওঠা এসব এসইজেড রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কোনোটাতেই তেমন ভূমিকা রাখতে পারেনি। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি প্রবৃদ্ধিও নেতিবাচক খুঁজে পান তিনি।প্রেক্ষিত বাংলাদেশ: চলতি মাসেই এসইজেড-সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বিলটি বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় রয়েছে। বিলের উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে: দেশের পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সব এলাকায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণ এবং রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। সংসদে উত্থাপিত এই বিলে চারটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।প্রথমটি হলো মালিকানা। এ দিক থেকে বিচার করলে মূলত চার ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে আইনে। প্রথমত, দেশি বা বিদেশি ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি ও বেসরকারি অংশীদারি; দ্বিতীয়ত, দেশি বা প্রবাসী বাংলাদেশি বা বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়িক সংগঠন কর্তৃক একক বা যৌথভাবে প্রতিষ্ঠা; তৃতীয়ত, সরকারি উদ্যোগ ও মালিকানা; চতুর্থত, বিশেষায়িত কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য বেসরকারি ও সরকারি উভয়ের অংশীদারি।দ্বিতীয় বিষয়টি হলো জমি। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অর্থনৈতিক অঞ্চল গড়তে সরকার ১৯৮২ সালের অচলাচল যোগ্য সম্পদ অধিগ্রহণ আইনের অধীনে ভূমি অধিগ্রহণ করতে পারবে, যা জনস্বার্থে প্রয়োজনীয় বলে গণ্য হবে। যেকোনো একটি এলাকা বা অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার পর সেখানে কর্তৃপক্ষ মাস্টার প্লান তৈরি করে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকা, বাণিজ্যিক এলাকা (ব্যাংক, ওয়্যারহাউস, অফিস) ও প্রক্রিয়াকরণমুক্ত এলাকা (আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন) ইত্যাদিভাবে বিভাজন করার প্রয়োজনীয় আদেশ জারি করতে পারবে। অঞ্চল উন্নয়নে সরকার প্রয়োজনে বেসরকারি ডেভেলপার নিয়োগ করতে পারবে। তৃতীয়ত. বিনিয়োগ আকর্ষণের অর্থনৈতিক প্রণোদনা। এগুলোর মধ্যে রয়েছে কর অবকাশ, বিশেষ শুল্ক সুবিধা, আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার বিশেষ সুবিধা ইত্যাদি। এসবের বাইরেও কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় যেকোনো প্রতিষ্ঠানকে আইনের সকল বা যেকোনো বিধানের প্রয়োগ হতে নির্দিষ্ট সময়ের জন্য অব্যাহতি দিতে পারবে।চতুর্থত, আইন প্রয়োগ ও বাস্তবায়নের জন্য গড়ে তোলা হবে একটি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। অবকাঠামো সুযোগ-সুবিধা, ভূমি অধিগ্রহণ, ইজারা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে ব্যবসায়িক কার্যক্রম, পরিবেশ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় দেখভাল করবে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত মন্ত্রী পদমর্যাদার একজন সদস্য কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন। জানা গেছে, এই আইনের মূল দিকগুলো প্রস্তুত ও ধারণাগুলো তৈরির সঙ্গে যুক্ত ছিল বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। আইনটি নিয়ে কথা হয় আইএফসির সিনিয়র প্রোগাম ম্যানেজার সৈয়দ আখতার মাহমুদের সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, দুটো দিক মাথায় রেখে ২০০৬ সালের দিকে অর্থনৈতিক অঞ্চলের ধারণাটির কাজ শুরু হয়। প্রথমত. সরকারি মালিকানায় সেসব শিল্প এলাকা আছে, সেগুলোতে পরিবেশ ব্যবস্থাপনা গড়ে তোলা। দ্বিতীয়ত, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা।কিন্তু বেশ কিছু ইপিজেড ও চামড়া শিল্পনগর দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় পড়ে আছে—এ প্রসঙ্গে আখতার মাহমুদ বলেন, এসব ইপিজেড বা শিল্পনগর গড়ে তোলার আগে কোনো সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা হয়নি। সেখানে বিনিয়োগকারীরা যাবে কি যাবে না, যাচাই করে দেখা হয়নি। নতুন আইনে এ বিষয়টি যুক্ত করা হয়েছে। কোনো এলাকাকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার আগে সম্ভাব্যতা যাচাই করতে হবে। যেমন ২০০৭ সালে সিলেটে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, সিলেট শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে যে স্থানটি নির্বাচন করা হয়েছে সেখানে শিল্পাঞ্চল বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হলে খুব বেশি বিনিয়োগকারী আকৃষ্ট করা যাবে না। ফলে, সেখানে আর কিছু গড়ে ওঠেনি।কোথায় এসইজেড হচ্ছে: জানা গেছে, বিনিয়োগ বোর্ড সিলেটে ৯৬১ একর জমির ওপর একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চিহ্নিত করেছে। তবে আইএফসির সমীক্ষায় এলাকাটিকে সুবিধাজনক না বলায় বর্তমানে তা আটকে আছে। অবশ্য লন্ডনসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল গড়তে সিলেট শহরের আশপাশের এলাকা অগ্রাধিকারের তালিকায় আছে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাকে (ইপিজেড) আরও সম্প্রসারণ করে এসইজেড ঘোষণা করা হতে পারে। গাজীপুর জেলার কালিয়াকৈরে একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হবে। ঢাকা শহরের তৈরি পোশাক কারখানাগুলোকে স্থানান্তর করার জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি তৈরি পোশাক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বিনিয়োগ বোর্ড, বেপজা ও বিসিক একসঙ্গে কাজ করছে। দেশে বিকাশমান ওষুধশিল্পের জন্যও গজারিয়ায় এসইজেড গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘এসইজেড প্রতিষ্ঠার আগে বাংলাদেশে জমির মানচিত্র এবং এ সংক্রান্ত তথ্যভান্ডার তৈরি করা দরকার। তাহলে এসইজেড তৈরি করতে গিয়ে কৃষিজমি ও পরিবেশ নষ্ট হবে না। পতিত যেসব জমিতে চাষবাস সম্ভব নয়, সেগুলোকে এসইজেডের আওতায় আনা যেতে পারে, যেমনটা চীনে শুরুর দিকে হয়েছে। নতুন করে এসইজেড গড়ার আগে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে হবে। বিশেষ করে, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বৃদ্ধির আগে নতুন করে এসইজেড ঘোষণা করলে তাতে সংকট আরও দীর্ঘায়িত হবে বলে তিনি মত দেন।