বাজারে নানা ধরনের অপরাধ ও জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিচার করার জন্য ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (এসইবিআই) সরকারকে বিশেষ আদালত স্থাপন করার অনুরোধ জানিয়েছে।বছরের পর বছর ধরে কয়েকটি অপরাধ ও জালিয়াতির মামলা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করে এসইবিআইয়ের চেয়ারম্যান ইউ কে সিনহা বলেছেন, এসব মামলা নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ আদালত প্রয়োজন।ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ব্যাংকার রজত গুপ্তকে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে বিচারে কারাদণ্ড দেওয়া হলেও ভারতে এ ধরনের অপরাধে কোনো শাস্তি হচ্ছে না কেন জানতে চাইলে এসইবিআইয়ের চেয়ারম্যান এ কথা বলেন।ইউ কে সিনহা বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা অনেক শক্তিশালী। তারা নিজেরাই বিচার করতে পারে, শাস্তি দিতে পারে। আর ভারতে জরিমানা আরোপের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। অথচ লোকজন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করছে।’ তিনি আরও বলেন, ভারতেও শাস্তি দেওয়ার বিধান আছে। কিন্তু তার প্রক্রিয়া অনেক প্রলম্বিত। সিনহা জানান, সরকারকে বিশেষ আদালত গঠনের জন্য ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে। ১৯৭৯ সালের বিশেষ আদালত আইন অনুসারে নির্দিষ্ট কিছু মামলার নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের সুযোগ আছে। সূত্র: বিজনেস লাইন।