বিশেষ ঋণসুবিধা পেতে সাত গ্রুপের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের পক্ষে দুই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ঋণ পুনর্গঠনের আবেদন করেছে কেন্দ্রীয় ব্যাংকে। একই কাতারে শামিল হয়েছে বেসরকারি কয়েকটি ব্যাংকও।
ব্যবসায়ী গ্রুপগুলো হচ্ছে বেক্সিমকো গ্রুপ, যমুনা গ্রুপ, থার্মেক্স গ্রুপ, আবদুল মোনেম লিমিটেড, কেয়া গ্রুপ, শিকদার গ্রুপ ও রতনপুর গ্রুপ। তাদের পক্ষে প্রায় নয় হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠনের আবেদন করা হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন দুই ব্যাংক হচ্ছে সোনালী ও জনতা ব্যাংক। আর বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবিএল, ডাচ্-বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী, আইএফআইসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
বড় ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে গত জানুয়ারিতে একটি নীতিমালা করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক থেকে ৫০০ কোটি বা তারও বেশি টাকা ঋণ নিয়েছে—এমন গ্রাহকদের প্রতি নমনীয়তা দেখানো হয় নীতিমালায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন—ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে তখন গণমাধ্যমকে এ কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
নীতিমালা অনুসারে মেয়াদি ঋণ পুনর্গঠন হবে সর্বোচ্চ ১২ বছরের জন্য। আর তলবি ও চলমান ঋণ পুনর্গঠন হবে ছয় বছরের জন্য। ঋণের পরিমাণ এক হাজার কোটি টাকার কম হলে ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিতে হবে ২ শতাংশ হারে। আর এক হাজার কোটি টাকা ও তার বেশি পরিমাণ ঋণের জন্য এককালীন জমা দিতে হবে ১ শতাংশ হারে। নীতিমালায় বলা হয়, একজন গ্রাহক একবারই এ সুবিধা পাবেন।
গতকাল মঙ্গলবার ছিল এ নীতিমালার আওতায় পুনর্গঠনের আবেদন করার শেষ দিন। আবেদনগুলো যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। তবে যেসব গ্রুপ প্রতারণা বা জালিয়াতির সঙ্গে জড়িত, তারা ঋণ পুনর্গঠনের সুযোগ পাবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা অন্য কোনো সংস্থার আওতায় মামলা রয়েছে, তারাও পাবে না।
যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার আগেই বিবেচনা করা উচিত ছিল, কাকে ঋণ দেওয়া হচ্ছে, এই টাকা ফেরত আসবে তো? দুঃখজনক যে ব্যাংকগুলো অনেক ক্ষেত্রেই তা করতে ব্যর্থ হয়েছে।’ সাবেক এই গভর্নর বলেন, শুধু ৫০০ কোটির মধ্যে আটকে না রেখে, সত্যি সত্যিই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য পুনর্গঠন নীতিমালাটি করা উচিত ছিল।
বেক্সিমকো গ্রুপ: বেক্সিমকো গ্রুপের পক্ষে ঋণ পুনর্গঠনের আবেদন করেছে জনতা, সোনালী, ন্যাশনাল ও এবি ব্যাংক। গ্রুপটির পক্ষে প্রায় ছয় হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠনের আবেদন করেছে এই চার ব্যাংক।
জনতা ব্যাংক একাই আবেদন করেছে ১ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের জন্য। ৬ থেকে ১২ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করবে বেক্সিমকো গ্রুপ। সুদের হার ৯ দশমিক ৮২ শতাংশ।
বেক্সিমকোর পক্ষে পুনর্গঠনের আবেদন কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে জনতা ব্যাংকের লোকসান হবে ১ হাজার ১২২ কোটি টাকা। কারণ, আগে সুদের হার ছিল ১৬ শতাংশ।
বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৯০৪ কোটি ৭২ লাখ টাকা, ইন্টারন্যাশনাল নিট অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের দুটি ইউনিটে ৫৪৩ কোটি ৭০ লাখ টাকা, ক্রিসেন্ট ফ্যাশনস অ্যান্ড ডিজাইনসে ১৭৭ কোটি ১১ লাখ টাকা এবং এসেস ফ্যাশনসের নামে ২২৩ কোটি ৫৭ লাখ টাকা ঋণ রয়েছে। এ হিসাব ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বেক্সিমকোর বেক্সটেক্সের নামে ১ হাজার ৭৫ কোটি টাকা ঋণ পুনর্গঠনের আবেদন করেছে সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে জানান, আবেদনে বেক্সটেক্সের জন্য সুদের হার ১০ শতাংশ চাওয়া হয়েছে।
এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণের প্রকৃত পরিমাণ জানা যায়নি।
ঋণ পুনর্গঠনের পরিমাণ জানতে চাইলে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পরিমাণ নিয়ে আমি এখন কথা বলতে চাইছি না। বাংলাদেশ ব্যাংক আগে অনুমোদন করুক, তারপর বলা যাবে।’ কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আপনাদের আবেদন ছয় হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠন—এ তথ্য জানানো হলে সালমান এফ রহমান বলেন, ‘এ রকমই হবে।’
যমুনা গ্রুপ: যমুনা গ্রুপের পক্ষে আবেদন করেছে জনতা, ইউসিবিএল, ডাচ্-বাংলা, সোশ্যাল ইসলামী, আইএফআইসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো যমুনা গ্রুপের ১ হাজার ২৪৯ কোটি টাকার ঋণ পুনর্গঠনের আবেদন করেছে।
থার্মেক্স গ্রুপ: এ গ্রুপের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ পুনর্গঠনের আবেদন করেছে জনতা ব্যাংক। পরিমাণ ৬৪২ কোটি টাকা। গ্রুপের তিনটি কারখানা বা ইউনিটের বিপরীতে জনতা ব্যাংকে ঋণ রয়েছে অবশ্য ৬৬৭ কোটি টাকা। সুদের হার ১৫ শতাংশ থাকলেও জনতা ব্যাংক থার্মেক্সের জন্য ১৩ দশমিক ৫০ শতাংশ চেয়েছে।
জানতে চাইলে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি হঠাৎ তুলার দাম বেড়ে যাওয়ার শিকার আমরা। এ জন্য ঋণ পরিশোধের সময় ও সুদের হারটা একটু কমানোর আবেদন করেছি।’
আরও চারটি: চট্টগ্রামভিত্তিক রতনপুর গ্রুপের কোম্পানি মডার্ন স্টিল মিলস লিমিটেডের পক্ষে সোনালী ব্যাংক আবেদন করেছে ২৭৫ কোটি টাকা ঋণ পুনর্গঠনের জন্য। কেয়া গ্রুপের জন্য ৩১০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের আবেদন করা হয়েছে। এ ছাড়া আবদুল মোনেম লিমিটেড এবং তৈরি পোশাক খাতের শিকদার গ্রুপের পক্ষেও আবেদন রয়েছে। এগুলোর আবেদন অবশ্য ৫০০ কোটি টাকার নিচে।
জানা গেছে, সময় শেষ হয়ে গেলেও অগ্রণী ও রূপালী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের আরও কয়েকটি আবেদন কেন্দ্রীয় ব্যাংকে আজ বুধবার জমা পড়ার কথা।