পুঁজিবাজার-সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দেশে প্রথমবারের মতো বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে আগামী সপ্তাহে অর্থাৎ জানুয়ারিতে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. হেলালউদ্দিন নিজামী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আগামী সপ্তাহেই আইন মন্ত্রণালয় থেকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে আমরা খুবই আশাবাদী।’
২০১০ সালের ধসের পর পুঁজিবাজারের ওপর করা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনে এই ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ ছিল।
আর গত বছর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ সংশোধন করে সরকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ২০১২ প্রণয়ন করে। সংশোধিত আইনের ২৫ (বি) ধারায় বলা হয়েছে, ‘আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সরকার এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে।’
জানা গেছে, বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে ছয়জনকে নিয়ে। জনবলকাঠামো অনুযায়ী এর প্রধান ব্যক্তি থাকবেন একজন বিচারক (জেলা ও দায়রা জজ)। এ ছাড়া নিয়মিত ব্যক্তিদের মধ্যে থাকবেন একজন সাঁটলিপিকার ও একজন বেঞ্চ সহকারী। এই তিনজনের বাইরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে একজন করে গাড়িচালক, জারিকারক ও এমএলএসএস।
পুঁজিবাজারবিষয়ক তিন শতাধিক মামলা বর্তমানে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।