বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো পুঁজিবাজার-সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হতে যাচ্ছে। এই ট্রাইব্যুনাল শুধু পুঁজিবাজারবিষয়ক মামলা নিয়েই কাজ করবেন। পুঁজিবাজার-সম্পর্কিত প্রায় ৪০০ মামলা বিভিন্ন আদালতে এখন পর্যন্ত অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।
৪ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনাল গঠনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। আর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ১১ সেপ্টেম্বর অর্থসচিব ফজলে কবীরকে চিঠি পাঠিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জরুরি ভিত্তিতে যাচাই করতে বলেছে।
সূত্র জানায়, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এরই মধ্যে যাচাইয়ের কাজ শেষ করেছে। চলতি সপ্তাহেই তা প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। সচিব কমিটি অনুমোদন করলেই ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু করা যাবে।
জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলে পুঁজিবাজার-সম্পর্কিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। শিগগিরই এই ট্রাইব্যুনাল গঠিত হবে বলে আমরা আশা করছি।’
২০১০ সালে পুঁজিবাজারে বিপর্যয়ের ওপর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনে এই ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করা হয়েছিল। অন্যদিকে বিএসইসি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার কথা বহু বছর ধরে বলে আসছিল অর্থ মন্ত্রণালয়কে।
গত ১০ ডিসেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ সংশোধন করে সরকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ২০১২ প্রণয়ন করে। সংশোধিত আইনের ২৫ (বি) ধারায় বলা হয়েছে, ‘আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সরকার এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে।’ ওই ধারা অনুযায়ীই বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন করা পত্রে দেখা যায়, বিশেষ ট্রাইব্যুনালটি গঠিত হবে ছয়জনকে নিয়ে। জনবলকাঠামো অনুযায়ী এর প্রধান ব্যক্তি থাকবেন একজন বিচারক (জেলা ও দায়রা জজ)। তাঁর বেতনকাঠামো ঠিক করা হয়েছে ৩৬০০০-৩৯৬০০ টাকা।
এ ছাড়া থাকবেন একজন সাঁটলিপিকার ও একজন বেঞ্চ সহকারী। সাঁটলিপিকারের বেতনকাঠামো ৫৫০০-১২০৯৫ টাকা। আর বেঞ্চ সহকারীর ৪৯০০-১০৪৫০ টাকা। এই তিনজনের বাইরে নিয়োগ করা হবে একজন করে গাড়িচালক, জারিকারক ও এমএলএসএস। তবে তাঁদের নিয়োগ দেওয়া হবে আউটসোর্সিংয়ের মাধ্যমে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রস্তাবে গত ২২ মে ট্রাইব্যুনাল গঠন বিষয়ে অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এতে অর্থ বিভাগ সম্মতি দেয় ৯ সেপ্টেম্বর।
ট্রাইব্যুনাল গঠনের বিধিবিধানের খসড়া তৈরি করে বিএসইসির কমিশনার সালাম শিকদারের নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ও রুকসানা চৌধুরী এবং পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী।
সব মামলাই অনিষ্পন্ন
বিএসইসি সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পুঁজিবাজার বিষয়ে বিভিন্ন আদালতে ৪০০ দেওয়ানি ও ফৌজদারি মামলা রয়েছে। এগুলোর প্রায় সবই অনিষ্পন্ন।
১৯৯৯ সালের জুন পর্যন্ত মামলা ছিল মোট ৫২টি। এর মধ্যে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির জন্য ১৯৯৭ সালে সার্টিফিকেট মামলাসহ বিএসইসির করা মামলা ১৬টি। একজন আসামি মৃত্যুবরণ করায় বিচারিক আদালত শুধু তাঁর মামলাটি নিষ্পত্তি করেন। সাতটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে, একটি মামলা হাইকোর্ট বিভাগে বিচারাধীন। অন্যদিকে এই সময়ে বিএসইসির বিরুদ্ধেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের রয়েছে ৩৬টি মামলা।
২০০১ সালের জুন পর্যন্ত পুঁজিবাজারসংক্রান্ত মামলা দাঁড়ায় ৭৫টি। এগুলোর মধ্যে ২১টি নিম্ন আদালতে, ৩৭টি হাইকোর্ট বিভাগে এবং ১৭টি আপিল বিভাগে রয়েছে। ২০০৫ সালে মোট মামলা দাঁড়ায় ১২৫টি। ২০১০ সাল শেষে ৩৫০টি এবং ২০১১ সাল শেষে দাঁড়ায় ৩৭৮টি। গত জানুয়ারি পর্যন্ত মোট মামলা ৪০০ ছাড়িয়ে গেছে।
যোগাযোগ করা হলে অর্থসচিব মো. ফজলে কবীর অর্থবিভাগের অতিরিক্ত সচিব ইমদাদুল হকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণসংক্রান্ত যাচাইয়ের কাজ শেষ হয়েছে।আজ বুধবার তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিগগিরই ট্রাইব্যুনাল গঠিত হবে বলে তিনি আশা করছেন।