বিশেষ তহবিল ও কাঁচামালে শুল্ক ছাড় দাবি জাহাজ নির্মাতাদের

বেশ সম্ভাবনা নিয়ে প্রায় নয় বছর আগে দেশে যাত্রা শুরু করেছিল জাহাজ নির্মাণ শিল্প। একই সময়ে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ায় এবং তা অব্যাহত থাকায় শিল্পটি শুরুতেই হোঁচট খায়। তাই এ শিল্পের উদ্যোক্তারা দেশের অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্রপথে চলাচলের উপযোগী জাহাজ নির্মাণে মনোযোগ দেন। কিন্তু জাহাজ নির্মাণের অধিকাংশ কাঁচামালই বিদেশ থেকে আনতে হয়। এসব কাঁচামাল আমদানিতে উদ্যোক্তারা কাঁচামাল আমদানিতে শুল্ক করে ছাড় চান।
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জাহাজ নির্মাণ শিল্পের জন্য উদ্যোক্তারা স্বল্পসুদে ঋণ বিতরণে একটি দীর্ঘমেয়াদি বিশেষ তহবিল গঠনেরও দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণে বিভিন্ন ধরনের যন্ত্র, অ্যালুমিনিয়ামের পাত ও বার, ইস্পাতের পাইপ, প্রপেলার (পাখা), রং-রশিসহ কম-বেশি ৩৮ ধরনের যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করতে হয়। মানভেদে এসব কাঁচামাল আমদানিতে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত শুল্ক কর পরিশোধ করতে হয়।
জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এ খাতে প্রায় অর্ধশত সচল প্রতিষ্ঠান রয়েছে। বিদেশিদের কাছ থেকে রপ্তানি আদেশ কমে যাওয়ায় এসব প্রতিষ্ঠান কম-বেশি দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জাহাজ নির্মাণের কাজ পেতে ঝুঁকছে।
রপ্তানিমুখী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের (এইওএসআইবি) তথ্য অনুযায়ী, দেশে ছোট আকারের জাহাজের চাহিদা বাড়ছে। আগামী পাঁচ বছরে এ ধরনের প্রায় ৩০০টি নতুন জাহাজের প্রয়োজন হবে। এর মধ্যে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন করে সাধারণ জাহাজ ও কনটেইনারবাহী জাহাজ। কাঁচামাল আমদানির ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক কর আরোপিত থাকায় এ ধরনের একেকটি জাহাজ নির্মাণের খরচ এক থেকে দেড় কোটি টাকা বেড়ে যায়।
এ ছাড়া আগামী কয়েক বছরে দেশে তেল-গ্যাস অনুসন্ধান, এলএনজি টার্মিনালসহ সমুদ্রে নানা অবকাঠামো নির্মাণকাজে সাহায্যকারী জাহাজ নির্মাণের চাহিদাও বাড়বে। সেই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের কয়লা পরিবহনের জন্যও জাহাজের চাহিদা বাড়বে।
রপ্তানিমুখী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন এইওএসআইবির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ নদীপথে চলাচলের উপযোগী প্রায় ১০ কোটি টাকা দামের একটি জাহাজ নির্মাণের কাঁচামাল আমদানিতে বর্তমানে শুল্ক কর দিতে হয় এক কোটি টাকার মতো। এই শুল্ক কর কমানো হলে জাহাজ নির্মাণের ব্যয় কমবে। এর ফলে আরও অনেকে জাহাজ নির্মাণ শিল্পে আগ্রহী হবেন। এতে দুটো কাজ হবে—প্রথমত, প্রতিযোগিতা বেড়ে জাহাজের দাম ও পণ্য পরিবহনের খরচ কমবে। দ্বিতীয়ত, জাহাজ নির্মাণ শিল্পে কর্মসংস্থান বাড়বে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০০৯-১০ অর্থবছর থেকে গত অর্থবছর পর্যন্ত সাত বছরে জাহাজ, বোট ও ভাসমান অবকাঠামো খাতে রপ্তানি আয় হয়েছে ১৩ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশের প্রায় ১ হাজার ১২৬ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে)।
এইওএসআইবি ও ইপিবি সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের একটি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে জাহাজ রপ্তানির আদেশ নেই। রপ্তানি আদেশ না পেয়ে প্রথম সারির জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগও আটকে আছে। জনবল ছাঁটাই করে টিকে থাকার চেষ্টা করছে কোনো কোনো প্রতিষ্ঠান।
এ খাতের উদ্যোক্তারা জানান, চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের কথা বলেছিলেন। এই তহবিল থেকে উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু তা কার্যকর হয়নি। এই খাতের উদ্যোক্তারা আবারও এই প্রস্তাবের বাস্তবায়ন চান। সুদের হার কমে যাওয়ায় এখন ৪ শতাংশ সুদে দীর্ঘ মেয়াদে ঋণসুবিধা পেতে চান তাঁরা।
উদ্যোক্তাদের মতে, একসময় দেশে ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের ছোট আকারের ও বিশেষায়িত জাহাজ আমদানি করতে হতো। তবে দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন ১০ হাজার টন পণ্য পরিবহনের উপযোগী জাহাজ নির্মাণ করতে সক্ষম। আবার মাছ ধরার বিশেষায়িত ট্রলার ও সাহায্যকারী জলযান নির্মাণেও দক্ষতা দেখাচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এভাবে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানও হয়েছে এ খাতে।