বিশেষ সহায়তা চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতায় গেল বছর দেশের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেছে। আর এ ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বিশেষ সহায়তা চান ব্যবসায়ীরা।

এ ক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে নীতি-সহায়তা ও নগদ সহায়তা দুটোই চান। বিশেষ করে শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোই এখন তাঁদের বড় দাবি হয়ে দাঁড়িয়েছে।

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক ঘরোয়া প্রাক্-বাজেট আলোচনায় আগামী বাজেট সামনে রেখে ব্যবসায়ীরা তাঁদের এমন মতামত তুলে ধরেছেন।

আগামী ৫ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের আয়োজনে অনুষ্ঠেয় পরামর্শক কমিটির সভার পূর্বপ্রস্তুতি হিসেবে গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এ সভার আয়োজন করা হয়। এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত এ আলোচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে ব্যবসায়ীরা এবার আর্থিক ক্ষতিতে পড়েছেন। এখন যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন, সে বিষয়ে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে। তিনি বলেন, ‘সরকার আগের বাজেটগুলোতে ব্যবসায়ীদের প্রস্তাব মূল্যায়ন করেছে। আশা করি, এবারও ব্যবসায়ীদের প্রস্তাব গ্রহণ করবে। এই সভায় উঠে আসা প্রস্তাবগুলো বাজেট উপলক্ষে অনুষ্ঠেয় পরামর্শক কমিটির সভায় উপস্থাপন করা হবে।’

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, সম্প্রতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতাদের দুই জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ড কারখানা পরিদর্শনে এসে ছয়টি কারখানা বন্ধ করে দিয়েছে। যে ভবনে কারখানা ও অন্য ব্যবসাপ্রতিষ্ঠান আছে, সেই ভবনের কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে নতুন করে ভবন তৈরির জন্য স্টিলের প্রয়োজন হবে। এই স্টিল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া প্রয়োজন। কারখানার কর্মপরিবেশ উন্নত করা এবং নিরাপত্তা জোরদার করতে বাল্ব ও অগ্নি-প্রতিরোধক দরজা আমদানিতে আগামী বাজেটে শুল্কসুবিধা দেওয়ার দাবি জানান তিনি।

রপ্তানিকারকদের সমিতি ইএবির প্রতিনিধি মনির হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতায় এবার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী বাজেটে সরকারের বিশেষ সহায়তা দেওয়া উচিত। বর্তমানে যেসব কারখানায় গ্যাস ও বিদ্যুৎ-সযোগ দেওয়া হয়নি, সেসব কারখানায় ফার্নেস অয়েল ও ডিজেলের দাম আগামী বাজেটে বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। পোশাক খাতের মতো অন্যান্য রপ্তানি খাতের উৎসে করের হার সমান করার দাবি জানান তিনি।

এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে নীতি-সহায়তা দেওয়া প্রয়োজন। দু-একটি বিষয়ে সমস্যার সমাধান করলে হবে না। সামগ্রিক বিষয়ে সরকারের নীতি-সহায়তার মাধ্যমে ব্যবসার উন্নয়ন সম্ভব হবে।

আরেক পরিচালক মোহাব্বত উল্লাহ বলেন, প্রতিবছরই বাজেটে শুল্ক কমানো-বাড়ানো হয়। এর মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে হবে।

আগামী বাজেট নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি শঙ্কিত মন্তব্য করে ঢাকা চেম্বারের পরিচালক আবদুস সালাম বলেন, রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়ীরা এবার এমনিতেই আর্থিক ক্ষতিতে রয়েছেন। এর পরে নতুন মূসক (ভ্যাট) আইন আনুযায়ী, ১৫ শতাংশ মূসক চালু করা হলে ব্যবসায়ীরা আরও বিপাকে পড়বেন। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানান।

এর বাইরে সভায় আবাসন খাতের মন্দা কাটাতে বাজেটে কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখা, কৃষিপণ্য হিসেবে রাবার রপ্তানিতে নগদ সহায়তা দেওয়া, হিমায়িত মৎস্য খাতে কৃষি খাতের সমান সুবিধা দেওয়া, চালকলগুলোকে কৃষিভিত্তিক শিল্প গণ্য করে নির্দিষ্ট হারে কর এবং হাসকিং মিলগুলোর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি ঋণসুবিধা দেওয়া, দেশীয় শিল্প রক্ষায় আমদানি করা চীনা জুতা ও পোশাকের শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।