বিশেষ সুবিধা মিলবে শিল্পের কাঁচামাল আমদানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই স্বল্প মেয়াদের বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো আমদানিকারকের নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কাঁচামাল আমদানিতে ১৮০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিটে গ্যারান্টি প্রদান করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, স্বল্প মেয়াদে শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইআইটিএফসি) অনুকূলে ব্যাংকগুলো গ্যারান্টি ইস্যু করতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। তবে ব্যাংককে অবশ্যই ঋণ নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে। সে ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনো অবস্থায় অতিক্রম করে অর্থায়ন করা যাবে না।

বায়ার্স ক্রেডিট হচ্ছে দেশের আমদানিকারকের বিদেশি কোনো প্রতিষ্ঠানের থেকে বৈদেশিক মুদ্রায় নেওয়া ঋণ। দেশের কোনো আমদানিকারক মূলধনি যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি করতে স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারেন। এ ক্ষেত্রে সুদ হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।