বিশেষ স্কিম কমিটির সুপারিশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম কমিটির সুপারিশ অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির ৪৩৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গঠিত বিশেষ স্কিম কমিটির সুপারিশ কমিশন আজ অনুমোদন করেছে।’ এতে আরও বলা হয়, ‘ওই সুপারিশ অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটাসহ ঋণ মওকুফ ও অন্যান্য বিষয় পরিপালনের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশের সিদ্ধান্ত গৃহীত হয়।’এ ছাড়া আজকের সভায় অ্যালায়েন্স এসঅ্যান্ডপি শরিয়াহ ইনডেক্স ফান্ড নামের একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন করা হয়েছে। এই মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির আকার ১০ কোটি টাকা। অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এই ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক এবং ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মার্জিন ঋণ-সংক্রান্ত সুপারিশের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী এই কমিটির আহ্বায়ক।এ ছাড়া আজকের সভায় নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডকে এক কোটি ৭০ লাখ ৫৬ হাজার ৫০০টি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ারহোল্ডাররা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান এই শেয়ার কিনতে পারবে। প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ জাপানি মালিকানা এবং ৪৯ শতাংশ বাংলাদেশি মালিকানা রয়েছে।