বিশেষজ্ঞ বানাতে আরও ৪০ জনকে রাশিয়া পাঠানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে আরও ৪০ জন শিক্ষার্থীকে রাশিয়া পাঠাচ্ছে সরকার। এতে সরকারের ব্যয় হবে ৮ কোটি ৭০ লাখ টাকা।
এসব শিক্ষার্থীরা রাশিয়ার মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিকস ইনস্টিটিউটে (এমইপিএইচআই) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবেন। এ দফায় যাচ্ছেন ২০ জন। এর মধ্যে সাতজন পাঁচ বছর মেয়াদি বিএসসি (ব্যাচেলর অব সায়েন্স) ও ১২ জন তিন বছরের এমএসসি (মাস্টার অব সায়েন্স) করবেন। অন্যজন করবেন পিএইচডি। এতে রাশিয়া সরকারেরও সহযোগিতা থাকবে। এর আগেও রাশিয়ায় ১০ জনকে উচ্চশিক্ষা নিতে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত রোববার চলতি ২০১৫-১৬ অর্থবছরের থোক বরাদ্দ (অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা) থেকে কয়েকটি শর্তে আপাতত ১ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বাকি টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে।
শর্তের মধ্যে রয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ে আর্থিক বিধিবিধান অনুসরণ এবং বরাদ্দকৃত অর্থ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরমাণু শক্তি কমিশনের বিশেষ অনুদান খাতে সমন্বয় করা।
জানতে চাইলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত আকবর গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে। আশা করছি, এই শিক্ষার্থীরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ হয়ে ফিরবেন এবং দেশের সেবা করবেন।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২০১৩ সালের এপ্রিলে অনুমোদিত হয় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ (প্রথম পর্যায়)। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বছরের অক্টোবরে পাবনার ঈশ্বরদীর রূপপুরে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প উদ্বোধন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। বিদ্যুৎকেন্দ্রটির জন্য প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা। এ থেকে সরকারের ব্যয় হবে ১ হাজার ৮৭ কোটি টাকা। বাকি চার হাজার কোটি টাকা নেওয়া হবে প্রকল্প সাহায্য।
পরমাণু শক্তি কমিশন সূত্রে জানা গেছে, রাশিয়ায় পাঠানোর জন্য ইতিমধ্যে পরীক্ষার মাধ্যমে ২০ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের কোর্স আগামী মাসে (সেপ্টেম্বর) শুরু হবে। যাঁরা এমএসসি করতে যাবেন, তাঁদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ, রসায়ন ও গণিত বিভাগ থেকে সম্মান ডিগ্রি নেওয়া।
এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কমিশনের (রোসাটম) অধিভুক্ত প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে সরকারের ৫০ কোটি ডলারের একটি চুক্তি রয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গত জুনে অর্থ মন্ত্রণালয়ের কাছে আর্থিক অনুদান চায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৩১ জুলাই এতে সম্মতি দেন। প্রস্তাব অনুমোদন করেও অর্থমন্ত্রী প্রকল্প সহায়তার চার হাজার কোটি টাকা কী শর্তে পাওয়া যাচ্ছে, তা জানতে চেয়েছেন।
অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের লোকজনের পরমাণু কেন্দ্র পরিচালনার জন্য উপযুক্ত করে তোলার সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কেও অবহিত হতে চাই।’ কবে নাগাদ বৈদেশিক বিশেষজ্ঞদের প্রয়োজন শেষ হবে অর্থসচিব মাহবুব আহমেদের কাছে তা-ও জানতে চান অর্থমন্ত্রী।
পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম গত ২৩ জুন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে এক আবেদনে জানান, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ (টিউশন ফি), থাকা-খাওয়া এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য মাসে ৭৫০ মার্কিন ডলার করে ব্যয় হবে।
জানতে চাইলে অর্থসচিব মাহবুব আহমেদ গত রোববার বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমাদের স্থানীয় বিশেষজ্ঞের দরকার পড়বে। আর তাই এ ব্যাপারে উচ্চশিক্ষার জন্য সরকারের খরচ করতে কোনো দ্বিধা নেই।’
তবে বিশেষজ্ঞ হয়ে এসে শিক্ষার্থীরা নিজ দেশেই সেবা দেবেন বলে আশা করেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। যোগাযোগ করলে রাশিয়ায় এমএসসি করার জন্য নির্বাচিত শিক্ষার্থী নাজমুন নাহার তন্বী বলেন, ‘অবশ্যই আমরা দেশের প্রতি দায়বদ্ধ এবং দেশের সেবা করার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।’